অনেক লোভ দেওয়া হয়েছে, সব ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি: জামায়াত আমির
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিভিন্নভাবে তাদের ‘লোভ’ দেখানো হলেও দলটি সেসব প্রস্তাব ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে তিনি জনগণের সঙ্গে কোনো ধরনের ‘বেইমানি’ না করার অঙ্গীকার ব্যক্ত করেন।
রোববার (১৯ জুলাই) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত ‘রক্তাক্ষরে জুলাই’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমাদেরকে অনেক লোভ দেওয়া হয়েছে। সবগুলো আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি। আমরা জনগণের সঙ্গে বেইমানি করব না।’
তিনি বলেন, জুলাই আন্দোলনে নিহতদের রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো উচিত। শুধু আর্থিক সহায়তা দিয়ে দায়িত্ব শেষ না করে তাদের আত্মত্যাগ ও স্মৃতিকে জাতির সামনে তুলে ধরার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
সরকারের সমালোচনা করে জামায়াত আমির দাবি করেন, নির্বাচনের আগে সংস্কার ও জুলাই সনদের পক্ষে অবস্থান নিলেও নির্বাচনের পর সরকার সেই প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। স্বাধীন বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং নির্বাচন কমিশনকে শক্তিশালী করার প্রতিশ্রুতিও বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, অতীতের গণরুম ও গেস্টরুম সংস্কৃতি আর ফিরতে দেওয়া হবে না। এ ধরনের পরিবেশ পুনরায় চালুর কোনো চেষ্টা হলে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন জামায়াতের আমির।

