প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে যাবেন। আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। একই সঙ্গে প্রধানমন্ত্রী হিসেবে এবারই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন তিনি।
এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতিত্ব করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি ড. খলিলুর রহমান।
সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন এবং বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় (সাইডলাইন) বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর এ সফর হবে সংক্ষিপ্ত। তিনি নিউইয়র্কে চার থেকে পাঁচ দিন অবস্থান করবেন। আগামী ২৫ বা ২৬ সেপ্টেম্বর দেশে ফেরার উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করবেন। সফরসঙ্গীর সংখ্যা ৩৫ জনের মধ্যে সীমিত রাখা হবে।

