টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের ড্র: শ্রীলঙ্কা-ভুটানের সঙ্গে একই গ্রুপে বাংলাদেশ
দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক ফুটবল আসর টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬-এর গ্রুপ পর্বের ড্র সম্পন্ন হয়েছে। ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত আনুষ্ঠানিক ড্র অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের দলবিন্যাস চূড়ান্ত করা হয়।
ড্র অনুযায়ী, স্বাগতিক বাংলাদেশ গ্রুপ ‘এ’-তে খেলবে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটানের বিপক্ষে। অন্যদিকে গ্রুপ ‘বি’-তে রয়েছে ভারত, মালদ্বীপ ও পাকিস্তান। তবে নেপালের অংশগ্রহণ ফিফার অনুমোদন সাপেক্ষে চূড়ান্ত হবে।
সাফ অর্ডিনারি কংগ্রেস ২০২৬-এর পর অনুষ্ঠিত ড্র অনুষ্ঠানে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ), ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) জ্যেষ্ঠ প্রতিনিধিদের পাশাপাশি সাফভুক্ত সাত দেশের ফুটবল ফেডারেশনের সভাপতি ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ড্র পরিচালনা করেন সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল, ভুটান ফুটবল ফেডারেশনের সভাপতি দাশো উগেন সেচুপ এবং টুর্নামেন্টের টাইটেল স্পনসর টেকনো মোবাইল বাংলাদেশের প্রতিনিধি ও আই স্মার্ট ইউ টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক।
আগামী ৪ থেকে ১৭ নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হবে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬। ড্র সম্পন্ন হওয়ায় এখন অংশগ্রহণকারী দলগুলো শেষ মুহূর্তের প্রস্তুতিতে মনোযোগ দেবে।
আই স্মার্ট ইউ টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন, আনুষ্ঠানিক ড্র টুর্নামেন্টের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। গ্রুপ নির্ধারণের ফলে অংশগ্রহণকারী দলগুলো আরও সুপরিকল্পিতভাবে প্রস্তুতি নিতে পারবে। একই সঙ্গে দক্ষিণ এশিয়ার ফুটবলপ্রেমীদের মধ্যেও প্রতিযোগিতাকে ঘিরে নতুন উদ্দীপনা তৈরি হবে।
তিনি আরও বলেন, টাইটেল স্পনসর হিসেবে টেকনো এমন একটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে সাফকে সহযোগিতা করতে পেরে গর্বিত, যা ক্রীড়া নৈপুণ্য উদযাপন, আঞ্চলিক বন্ধন আরও দৃঢ় করা এবং ফুটবলের মাধ্যমে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
টাইটেল স্পনসর হিসেবে টেকনো জানিয়েছে, দক্ষিণ এশিয়ায় ফুটবলের বিকাশে সহযোগিতা এবং খেলোয়াড়, সমর্থক ও সংশ্লিষ্ট সবার জন্য স্মরণীয় চ্যাম্পিয়নশিপ অভিজ্ঞতা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

