এক ট্রলারে ধরা পড়ল ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায়

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:২৯ অপরাহন, গাস্ট ৮, ২০২৬

পটুয়াখালীর কলাপাড়া সংলগ্ন বঙ্গোপসাগরে একটি মাছধরা ট্রলারের জালে একসঙ্গে ৪৬ মণ ইলিশ ধরা পড়েছে। নিলামে মাছগুলো বিক্রি হয়েছে ৪৮ লাখ ৫০ হাজার টাকায়।

গত ৬ আগস্ট পায়রা সমুদ্রবন্দরের শেষ বয়া সংলগ্ন গভীর সাগরে এফবি জুনাইদ নামের ট্রলারে আলমগীর মাঝির নেতৃত্বে জাল ফেললে বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ে। সংশ্লিষ্টদের দাবি, একবার জাল ফেলেই প্রায় ২ হাজার ২০০ পিস ইলিশ পাওয়া যায়।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে মাছ নিয়ে ট্রলারটি মহিপুর মৎস্য বন্দরে পৌঁছায়। পরে মনোয়ারা ফিশ আড়তে নিলামের মাধ্যমে মাছগুলো বিক্রি করা হয়।

আড়ৎ সূত্রে জানা যায়, ধরা পড়া ইলিশের মধ্যে এক কেজি বা তার বেশি ওজনের ২৪ মণ মাছ প্রতি মণ ১ লাখ ১৫ হাজার টাকা দরে বিক্রি হয়েছে। এতে পাওয়া যায় ২৭ লাখ ৬০ হাজার টাকা। এসব মাছের কেজিপ্রতি দাম পড়ে ২ হাজার ৮৭৫ টাকা।

এ ছাড়া ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ২২ মণ ইলিশ প্রতি মণ ৯৫ হাজার টাকা দরে বিক্রি হয়েছে ২০ লাখ ৯০ হাজার টাকায়। সব মিলিয়ে ৪৬ মণ ইলিশ বিক্রি হয়েছে ৪৮ লাখ ৫০ হাজার টাকায়।

ট্রলারের মাঝি আলমগীর বলেন, প্রায় পাঁচ বছর পর একসঙ্গে এত বড় চালানের ইলিশ পেয়েছেন তারা। দীর্ঘদিন লোকসানের পর এমন মাছ পেয়ে তারা খুশি।

Nagad

তবে গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, একটি ট্রলারে একসঙ্গে ৪৬ মণ ইলিশ ধরা পড়া স্বস্তির খবর হলেও এটিকে সামগ্রিকভাবে ইলিশের প্রাচুর্যের সূচক হিসেবে দেখার সুযোগ নেই। এ বিষয়ে ধারাবাহিক পর্যবেক্ষণ ও বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে মূল্যায়ন প্রয়োজন।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, কিছুদিন আগেও সাগরে ইলিশের খরা ছিল। বর্তমানে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে সামনে আরও বেশি ইলিশ ধরা পড়তে পারে।