বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের লাইসেন্সের মেয়াদ বাড়ল দুই বছর
বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক ও মেডিকেল চেকআপ সেন্টারের লাইসেন্সের মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে দুই বছর করেছে সরকার।
চলতি ২০২৬-২৭ অর্থবছর থেকে নতুন এ সিদ্ধান্ত কার্যকর হবে। সোমবার (১০ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখা এ সিদ্ধান্ত জানিয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, দুই বছরের লাইসেন্স ফি ও ভ্যাট একসঙ্গে সরকারি কোষাগারে জমা দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে আবেদন করতে হবে। নতুন লাইসেন্সের ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের অবস্থানগত ছাড়পত্র বা পরিবেশ ছাড়পত্র অনলাইনে গ্রহণ করতে হবে।
এ ছাড়া যেসব প্রতিষ্ঠান নারকোটিকস বা মাদকদ্রব্য ব্যবহার করে, তাদের লাইসেন্স পাওয়ার পর প্রযোজ্য নারকোটিকস লাইসেন্স নিতে হবে। পরিবেশ অধিদপ্তর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট লাইসেন্সও দুই বছরের জন্য কার্যকর করার বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান নিয়মিত পরিদর্শন করবেন।
পরিদর্শনে কোনো অনিয়ম বা লাইসেন্সের শর্তের ব্যত্যয় পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত বা বাতিল করা হতে পারে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. নূরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। মহাপরিচালকের অনুমোদনক্রমে চিঠিটি জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

