২০২৮-২৯ থেকে অর্থবছর এপ্রিল-মার্চ, ৯ মাসে শেষ হবে ২০২৭-২৮

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:৫৮ পূর্বাহ্, গাস্ট ১৮, ২০২৬

বাংলাদেশে অর্থবছরের সময়কাল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০২৮-২৯ অর্থবছর থেকে নতুন অর্থবছর শুরু হবে ১ এপ্রিল এবং শেষ হবে ৩১ মার্চ। পরিবর্তনের আগে ২০২৭-২৮ অর্থবছরকে নয় মাসে, অর্থাৎ জুলাই থেকে মার্চ পর্যন্ত সময়ে শেষ করা হবে।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে অর্থবছরের সময়কাল পরিবর্তনের এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বর্তমানে বাংলাদেশে অর্থবছর ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত। সরকারের বিবেচনায়, জুলাই ও আগস্ট মাসে বর্ষার কারণে অবকাঠামো উন্নয়ন কার্যক্রমে নানা ধরনের সমস্যা তৈরি হয়। এতে উন্নয়নকাজ দীর্ঘায়িত হওয়ার পাশাপাশি কাজের গুণগত মান ক্ষতিগ্রস্ত এবং জনদুর্ভোগ সৃষ্টি হয়।

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, অর্থবছর ১ এপ্রিল থেকে ৩১ মার্চ করা হলে বর্ষা শুরুর আগেই অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম শেষ করার সুযোগ তৈরি হবে। এ কারণে নতুন সময়কালকে যুক্তিযুক্ত হিসেবে বিবেচনা করা হয়েছে।

অর্থবছরের সময়কাল পরিবর্তনের পরবর্তী কর্মপন্থা নির্ধারণে মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, লেজিসলেটিভ বিভাগ, অর্থ বিভাগসহ সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে।

এ পরিবর্তনের জন্য সংবিধান এবং ‘জেনারেল ক্লজেস অ্যাক্ট, ১৮৯৭’-এ প্রয়োজনীয় সংশোধন আনতে হবে। পাশাপাশি অর্থবছর পরিবর্তনের সঙ্গে সরকারের আর্থিক ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত বিভিন্ন সিস্টেমেও প্রযুক্তিগত পরিবর্তন আনতে হবে।

Nagad

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭-২৮ অর্থবছর হবে পরিবর্তনের মধ্যবর্তী বা ট্রানজিশনাল বছর। এ অর্থবছর জুলাই থেকে মার্চ পর্যন্ত নয় মাসে শেষ হবে। এরপর ২০২৮-২৯ অর্থবছর থেকে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত নতুন অর্থবছর অনুযায়ী সরকারের সব কার্যক্রম পরিচালিত হবে।