নারীর নিরাপদ যাত্রায় নতুন দিগন্ত ‘পিংক বাস’: প্রতিমন্ত্রী
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে চালু হওয়া ‘মহিলা বাস সার্ভিস’ বা ‘পিংক বাস’ নারীর নিরাপদ যাত্রায় নতুন দিগন্তের সূচনা করেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে মহিলা বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি নাগরিকের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই নারী চালক ও নারী কন্ডাক্টর দ্বারা পরিচালিত বিশেষ পিংক বাস সার্ভিস চালু করা হয়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় ১৩টি রুটে ১৪টি বাস নিয়ে এ সেবা শুরু হয়েছে। এসব বাসে শুধু নারী যাত্রীই নয়, চালক ও কন্ডাক্টরও নারী। আধুনিক গণপরিবহন ব্যবস্থার অংশ হিসেবে বাসগুলোতে ই-টিকিটিং, সিসি ক্যামেরা ও আইটিএস সুবিধা রাখা হয়েছে।
হাবিবুর রশিদ বলেন, কর্মের তাগিদে প্রতিদিন অসংখ্য নারী কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন কাজে যাতায়াত করেন। কিন্তু অনেক সময় তাদের জন্য নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত হয় না। তাই নারী যাত্রীদের পাশাপাশি নারী চালক ও কন্ডাক্টরদের নিরাপত্তা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।
১৩ রুটে ১৪ বাস
প্রতিমন্ত্রী জানান, প্রাথমিক পর্যায়ে ঢাকা মহানগর, চট্টগ্রাম ও বগুড়ার ১৩টি রুটে মোট ১৪টি বাস চলবে। এর মধ্যে ঢাকায় ১০টি, চট্টগ্রামে দুটি এবং বগুড়ায় দুটি বাস পরিচালিত হবে। এসব বাস ঢাকায় ১৬৭টি, চট্টগ্রামে ১২টি এবং বগুড়ায় ১৬টি—মোট ১৯৫টি স্টপেজে যাত্রীসেবা দেবে।
থাকছে ই-টিকিট, সিসি ক্যামেরা
পিংক বাস সার্ভিসে ই-টিকিটিং ব্যবস্থা চালু করা হয়েছে জানিয়ে হাবিবুর রশিদ বলেন, প্রতিটি বাসে সিসি ক্যামেরা ও ই-টিকিটিং সিস্টেম (আইটিএস) সংযোজন করা হয়েছে। এতে নারী যাত্রীরা সহজেই টিকিট সংগ্রহ করতে পারবেন এবং কাউন্টারে অপেক্ষার সময়ও কমবে।
আসছে ১০০ ইভি বাস
বিআরটিসির পিংক বাস সার্ভিসের জন্য ১০০টি ইলেকট্রিক ভেহিকেল (ইভি) বাস কেনার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। দ্রুত এসব বাস বিআরটিসির বহরে যুক্ত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ ছাড়া বিআরটিসির বহরে নতুন বাস সংযোজনের জন্য অর্থ মন্ত্রণালয় প্রায় ৮০০ কোটি টাকা ঋণ সহায়তা দিচ্ছে। এর মাধ্যমে রাষ্ট্রীয় পরিবহন সংস্থাটির বহরে পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস যুক্ত করা হবে।
নারীদের কর্মসংস্থানেও ভূমিকা রাখবে
পিংক বাস সার্ভিস নারী কর্মসংস্থান ও অর্থনৈতিক ক্ষমতায়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন হাবিবুর রশিদ। নারী চালক ও কন্ডাক্টরদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, নিরাপত্তা ও কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তাদের দক্ষতা ও পেশাগত সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের নারীরাও বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন। ভবিষ্যতে পেশার সব ক্ষেত্রে নারীরা পুরুষের পাশাপাশি এগিয়ে গিয়ে একটি স্বনির্ভর ও আধুনিক বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। এ ছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন উপস্থিত ছিলেন।

