দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি দল: প্রধানমন্ত্রী

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:৩১ অপরাহন, অক্টোবর ২০, ২০২৬

দেশের উন্নয়ন ও অর্থনীতির অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র ও অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি দল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জনগণ রাজনৈতিক অধিকারের পাশাপাশি অর্থনৈতিক অধিকার, কর্মসংস্থান ও শান্তিপূর্ণ পরিবেশ চায়।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বিএনপি বিশ্বাস করে, বিএনপি ৭১-কে ধারণ করে, বিএনপি ২৪-কে ধারণ করে। সেই কারণে ২৪-এর শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের পাশে বিএনপি দাঁড়িয়েছে। শহীদ পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা এবং আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের স্মরণে বিএনপি স্মৃতিস্তম্ভ তৈরি করেছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন, কিছু রাজনৈতিক দল মুখে এক কথা বললেও কাজে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। দেশের জনগণ এখন চায় স্থিতিশীলতা। জনগণ চায় কর্মসংস্থান ও শান্তিপূর্ণভাবে দেশকে এগিয়ে নিতে। অর্থনৈতিক অধিকারের পাশাপাশি মানুষ রাজনৈতিক অধিকারও চায়।’

শ্রমিক অসন্তোষের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশের কয়েকটি কল-কারখানায় অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে গোয়েন্দা তথ্য রয়েছে দাবি করে তিনি বলেন, ‘যে স্বৈরাচার পালিয়ে গেছে, তারা সেখানে অর্থ সরবরাহ করছে। সীমান্তের ওপার থেকে অর্থ দিয়ে একটি পক্ষ এবং দেশের ভেতরে আরেকটি পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

রাজশাহীর পানির সংকট সমাধানে পদ্মা ও তিস্তা নদীতে ব্যারেজ নির্মাণের পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, ‘বাংলাদেশের দুটি বড় নদী—তিস্তা ও পদ্মায় আমরা ব্যারেজ তৈরি করব, যাতে পানির সমস্যা দূর করতে পারি। পানির ন্যায্য হিস্যা আদায়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে এবং যত দ্রুত সম্ভব পদ্মা ও তিস্তা ব্যারেজের কাজ শুরু করার চেষ্টা করা হবে। পদ্মা ব্যারেজ নির্মাণ হলে রাজশাহীসহ আশপাশের অঞ্চল এবং প্রায় ১৪টি জেলার মানুষ উপকৃত হবে বলেও দাবি করেন তিনি।

Nagad

জনসভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, উপজেলা হাসপাতাল উন্নয়ন, খাল খনন এবং পদ্মা-তিস্তা ব্যারেজসহ সরকারের বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে জনগণের সমর্থন প্রয়োজন।

তিনি বলেন, ‘আপনাদের শক্তি হচ্ছে বিএনপি সরকারের শক্তি। আপনারা যদি মনে করেন পদ্মা ব্যারেজ তৈরি করতে হবে, তিস্তা ব্যারেজ প্রয়োজন, কৃষক ভাইদের পাশে দাঁড়াতে হবে, কৃষক কার্ড চালু করতে হবে, মা-বোনদের ফ্যামিলি কার্ড দিতে হবে, উপজেলা হাসপাতাল তৈরি করতে হবে এবং খাল খনন কর্মসূচি এগিয়ে নিতে হবে—তাহলে জনগণের সমর্থন বিএনপির সঙ্গে রাখতে হবে।’