ইরান যুদ্ধের প্রভাবে ট্রাম্পের জনপ্রিয়তায় রেকর্ড ধস: রয়টার্সের জরিপ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:২৪ অপরাহন, গাস্ট ১৮, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার আশঙ্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা রেকর্ড পরিমাণ কমেছে। রয়টার্স ও গবেষণা প্রতিষ্ঠান ইপসোসের যৌথ জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে।

চার দিনব্যাপী জরিপটি স্থানীয় সময় সোমবার (১৭ আগস্ট) শেষ হয়। এতে মাত্র ৩৩ শতাংশ মার্কিন নাগরিক ট্রাম্পের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন। বিপরীতে ৬৪ শতাংশ উত্তরদাতা তার কর্মকাণ্ডে অসন্তোষ জানিয়েছেন।

জরিপ অনুযায়ী, ট্রাম্পের বর্তমান জনপ্রিয়তা তার দ্বিতীয় মেয়াদে এখন পর্যন্ত সর্বনিম্ন। এমনকি এটি ২০১৭ সালের ডিসেম্বরে তার প্রথম মেয়াদের সর্বনিম্ন জনপ্রিয়তার রেকর্ডের সমান।

চলতি বছরের শুরুতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান জোরদার হওয়ার পর বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ ব্যাহত হয়েছে বলে জরিপে উল্লেখ করা হয়েছে। এর প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম বেড়েছে, যা সরাসরি চাপ তৈরি করেছে সাধারণ পরিবারের ওপর।

ট্রাম্প এর আগে ইরানের বিরুদ্ধে যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যে শেষ করার প্রতিশ্রুতি দিলেও মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। জরিপে অংশ নেওয়া প্রায় ৮০ শতাংশ মার্কিন নাগরিক মনে করছেন, ইরান যুদ্ধ আরও দীর্ঘ হবে।

এদিকে জনমত ও জ্বালানি সংকটের প্রভাবের বিষয়ে ট্রাম্প গত শুক্রবার (১৪ আগস্ট) এক রাজনৈতিক সমাবেশে বলেন, কোনো হুমকিস্বরূপ দেশকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে ঠেকাতে জ্বালানির পেছনে ‘সামান্য কিছু অতিরিক্ত অর্থ’ খরচ করা ভুল নয়।

Nagad

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগে ট্রাম্পের জনপ্রিয়তায় এই ধস ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির জন্য হাউস অব রিপ্রেজেন্টেটিভস ও সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার ক্ষেত্রে বড় উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে।