৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে রমজান, ঈদুল ফিতর ১০ মার্চ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:১৭ অপরাহন, অক্টোবর ২০, ২০২৬

ছবি পিক্সাবে

আগামী ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি (সোমবার) পবিত্র রমজান মাস শুরু হতে পারে। আর ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে ১০ মার্চ (বুধবার)। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে এমন সম্ভাব্য তারিখের কথা জানিয়েছে বিভিন্ন গবেষণা সংস্থা। তবে রমজান ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে।

সম্প্রতি গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হিজরি সন চাঁদের গতিপথের ওপর নির্ভরশীল হওয়ায় ইংরেজি বর্ষপঞ্জিতে প্রতিবছর রমজান মাস প্রায় ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। সেই হিসাবে, ২০২৭ সালে ২০২৬ সালের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন আগে শুরু হতে পারে পবিত্র রমজান।

সম্ভাব্য হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যেতে পারে। সে ক্ষেত্রে ওই রাতে আদায় করা হবে প্রথম তারাবির নামাজ। পরদিন ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে রোজা।

সাধারণত রমজান মাস ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে নির্ধারিত হয় পবিত্র ঈদুল ফিতরের তারিখ। বর্তমান পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে।

তবে এসব তারিখ সম্ভাব্য হিসাবের ভিত্তিতে নির্ধারিত। বাংলাদেশে রমজান মাসের শুরু ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঘোষণা করা হবে।

Nagad