গুরুতর কারসাজিতে জরিমানা নয়, হবে ফৌজদারি মামলা: বিএসইসি চেয়ারম্যান
শেয়ারবাজারে গুরুতর বা উচ্চপর্যায়ের কারসাজি ও অনিয়মের ঘটনায় শুধু জরিমানা করে থেমে থাকবে না বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রয়োজন হলে এসব ঘটনায় ফৌজদারি মামলা করা হবে বলে জানিয়েছেন বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান।
মাসুদ খান বলেন, সাধারণ ধরনের অনিয়মের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী জরিমানা করা হবে। তবে গুরুতর বা উচ্চপর্যায়ের ঘটনায় শুধু অর্থদণ্ড দিয়ে পার পাওয়ার সুযোগ রাখা হবে না। প্রয়োজন হলে ফৌজদারি মামলাও করা হবে।
বিএসইসি চেয়ারম্যান বলেন, দীর্ঘদিনের অনিয়ম, কারসাজি ও দুর্বল নজরদারির কারণে শেয়ারবাজারে আস্থার সংকট তৈরি হয়েছে। শুধু সূচক বাড়িয়ে বিনিয়োগকারীদের আস্থা ফেরানো সম্ভব নয়। বিনিয়োগকারীদের নিশ্চিত হতে হবে, নিয়ম সবার জন্য সমান, তাদের অর্থ নিরাপদ এবং অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সুরক্ষিত ও নিয়মতান্ত্রিক পরিবেশ তৈরি হলেই প্রকৃত আস্থা ফিরবে।
জরিমানা আদায়ে আইনি জটিলতা
জরিমানা আদায়ে জটিলতার বিষয়ে মাসুদ খান বলেন, অতীতে অনেক জরিমানা আদালতের স্থগিতাদেশের কারণে আদায় করা সম্ভব হয়নি। এ কারণে সিকিউরিটিজ আইন ও সংশ্লিষ্ট আইনি কাঠামো পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সিকিউরিটিজ ট্রাইব্যুনালের কার্যকারিতাও গুরুত্বপূর্ণ।
ব্রোকারেজ হাউজে গ্রাহকের অর্থ বা সম্পদ নিয়ে অনিয়মের বিষয়ে বিএসইসি চেয়ারম্যান বলেন, গ্রাহকের শত শত কোটি টাকা বা সম্পদ নিয়ে অনিয়ম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঝুঁকিপূর্ণ ব্রোকার চিহ্নিত করে নিয়মিত নজরদারির কাঠামো তৈরি করতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) বলা হয়েছে।
ঘটনা ঘটার পর তদন্তের পরিবর্তে আগে থেকেই ঝুঁকি শনাক্ত করে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াই বিএসইসির লক্ষ্য বলেও জানান তিনি।
ডাইরেক্ট লিস্টিংয়ে গুরুত্ব
বাজারে ভালো ও বড় কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংকে গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে মাসুদ খান বলেন, ভালো ও বড় কোম্পানি ছাড়া শেয়ারবাজারের গভীরতা তৈরি সম্ভব নয়।গত বছরের আইপিও বিধিমালায় কিছু সমস্যা ছিল উল্লেখ করে তিনি বলেন, বিকল্প পথ হিসেবে ডাইরেক্ট লিস্টিংকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ-সংক্রান্ত বিধিমালার একটি খসড়াও তিনি তৈরি করেছেন। অনুমোদনের পর সম্ভাবনাময় কোম্পানিগুলোকে সরাসরি তালিকাভুক্তির জন্য আহ্বান জানানো হবে।
শক্তিশালী হবে বন্ড মার্কেট
বন্ড মার্কেট শক্তিশালী করার বিষয়ে বিএসইসি চেয়ারম্যান বলেন, মূল্য নির্ধারণ ও তালিকাভুক্তির খরচ বন্ড মার্কেটের বিকাশে বড় সমস্যা। ডিএসইর সঙ্গে আলোচনা করে মূল বোর্ডে বন্ড তালিকাভুক্তির কনসেন্ট ফি ও সংশ্লিষ্ট খরচ কমানোর বিষয়ে সম্মতি পাওয়া গেছে। শিগগির কয়েকটি বড় বন্ড মূল বোর্ডে লেনদেন শুরু করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
কারসাজি শনাক্তে আসছে এআই
কারসাজি শনাক্তে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়ে মাসুদ খান বলেন, আধুনিক শেয়ারবাজারে শুধু মানুষের ওপর নির্ভর করে নজরদারি যথেষ্ট নয়। অস্বাভাবিক মূল্য পরিবর্তন এবং একই ধরনের অ্যাকাউন্টের লেনদেন বেড়ে যাওয়ার মতো বিষয় দ্রুত শনাক্ত করতে প্রযুক্তির প্রয়োজন।
প্রথমে ডিএসইর স্বয়ংক্রিয় সার্ভিল্যান্স ব্যবস্থা আপগ্রেড করা হবে। এরপর এতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যুক্ত করার পরিকল্পনা রয়েছে। পূর্ণাঙ্গ ব্যবস্থা চালু করতে প্রায় এক বছর সময় লাগতে পারে।
নিজের জবাবদিহির কথাও বললেন
নিজের জবাবদিহির বিষয়ে মাসুদ খান বলেন, তাঁর বিরুদ্ধে কোনো আপসের উদাহরণ পাওয়া গেলে সাংবাদিকদের তাঁকে প্রশ্ন করার পূর্ণ অধিকার রয়েছে। দীর্ঘ করপোরেট জীবনে অর্থ, ক্ষমতা বা অন্য সুবিধা নেওয়ার সুযোগ থাকলেও তিনি অনিয়মের সঙ্গে আপস করেননি।
তিনি বলেন, বিএসইসিতে যতদিন থাকবেন, তাঁর কারণে যেন কোনো অনিয়ম বা আপসের অভিযোগ না আসে, সেটিই তাঁর প্রত্যাশা।
ভবিষ্যৎ শেয়ারবাজারের লক্ষ্য সম্পর্কে বিএসইসি চেয়ারম্যান বলেন, তিনি এমন একটি শেয়ারবাজার রেখে যেতে চান, যেখানে বিনিয়োগকারীর অর্থ নিরাপদ থাকবে এবং বাজার হবে স্বচ্ছ, শৃঙ্খলাপূর্ণ ও নিয়মভিত্তিক। বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা, ভালো কোম্পানি বাজারে আনার পরিবেশ তৈরি, এআইভিত্তিক নজরদারি, ব্রোকারদের জবাবদিহি এবং কারসাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি শক্তিশালী বন্ড ও কমোডিটি মার্কেট গড়ে তোলার লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।

