ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচির নির্দেশ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:০২ অপরাহন, গাস্ট ১৯, ২০২৬

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের সব বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচি আয়োজনের নির্দেশ দিয়েছে সরকার। আগামী ২৬ আগস্ট যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে দিবসটি পালনের অংশ হিসেবে এসব কর্মসূচি আয়োজন করা হবে।

সরকারের নির্দেশনা অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর আলোচনা সভার আয়োজন করতে হবে। পাশাপাশি ইসলামের শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্বভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা নিয়ে আলোচনা করতে বলা হয়েছে।

এ ছাড়া দোয়া মাহফিল, হামদ-নাত পরিবেশন, স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতার আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি একই ধরনের কর্মসূচি পালন করবে জেলা শিল্পকলা একাডেমি, বাংলাদেশ শিশু একাডেমি, ইসলামিক ফাউন্ডেশন, ওয়াক্‌ফ প্রশাসকের কার্যালয় এবং ঢাকা ও জেদ্দা হজ অফিসসহ বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান।

রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের সব বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসন, সিটি করপোরেশন, পৌরসভা এবং সশস্ত্র বাহিনী বিভাগ নিজ নিজ অধিক্ষেত্রে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করবে।

Nagad