বিদ্যালয়ের বাথরুম থেকে হাত-পা বাঁধা অবস্থায় নবম শ্রেণির ছাত্রী উদ্ধার
খুলনার দিঘলিয়ায় বিদ্যালয়ের বাথরুম থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় নবম শ্রেণির এক ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে উপজেলার গাজীরহাট হাজী নৈমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বিদ্যালয় ছুটির প্রায় পাঁচ ঘণ্টা পর স্কুলসংলগ্ন একটি ভবনে কর্মরত নির্মাণশ্রমিকরা ওই ছাত্রীর চিৎকার শুনে এগিয়ে যান। পরে বাইরে থেকে তালাবদ্ধ বাথরুমের দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়।
ভুক্তভোগী ছাত্রী দিঘলিয়া উপজেলার বাসিন্দা। তাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য খুলনার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ক্লাস শেষে ওই ছাত্রী বাথরুমে প্রবেশ করলে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। তাকে মারধরের পর চেতনানাশক স্প্রে ব্যবহার করা হলে সে অজ্ঞান হয়ে পড়ে বলে জানা গেছে।
জ্ঞান ফেরার পর নিজেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় দেখতে পেয়ে বাথরুমের ভেতর থেকে চিৎকার শুরু করে সে। তার চিৎকার শুনে নির্মাণশ্রমিকরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, ভুক্তভোগী হামলাকারীদের দেখতে না পাওয়ায় বিস্তারিত তথ্য দিতে পারেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

