মুক্তির আগেই ‘টক্সিক’ ঝড়, ২৪ ঘণ্টায় বিক্রি ২ লাখ ৬০ হাজার টিকিট
মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে দারুণ সাড়া ফেলেছে কন্নড় তারকা যশ অভিনীত সিনেমা ‘টক্সিক: আ ফেইরিটেল ফর গ্রোন-আপস’। ভারতে অগ্রিম বুকিং শুরুর মাত্র ২৪ ঘণ্টায় সিনেমাটির ২ লাখ ৬০ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে।
২১ আগস্ট ভারতে সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। ব্লক করা আসনসহ অগ্রিম বুকিং থেকে এখন পর্যন্ত আয় দাঁড়িয়েছে প্রায় ১৯ কোটি ৪৪ লাখ রুপি। আগামী ২৬ আগস্ট বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শুধু প্রথম দিনের অগ্রিম বুকিং থেকেই ভারতে ‘টক্সিক’-এর আয় হয়েছে প্রায় ১১ কোটি ৭৪ লাখ রুপি। এর মধ্যে কন্নড় সংস্করণ থেকে এসেছে প্রায় ৭ কোটি ৭২ লাখ রুপি এবং হিন্দি সংস্করণ থেকে প্রায় ৩ কোটি ৮৬ লাখ রুপি। বাকি আয় এসেছে তামিল, তেলেগু ও মালয়ালম সংস্করণ থেকে।
অগ্রিম বুকিংয়ে সবচেয়ে এগিয়ে রয়েছে কর্ণাটক। যশের নিজ রাজ্যে এখন পর্যন্ত প্রায় ১ লাখ ৬০ হাজার টিকিট বিক্রি হয়েছে। এ রাজ্য থেকে অগ্রিম বুকিংয়ের আয় প্রায় ৭ কোটি ৭২ লাখ রুপি।
এর পরের অবস্থানে রয়েছে মহারাষ্ট্র ও দিল্লি। মহারাষ্ট্রে ব্লক করা আসনসহ অগ্রিম বুকিং থেকে আয় হয়েছে প্রায় ১ কোটি ৮১ লাখ রুপি। আর দিল্লিতে আয় হয়েছে প্রায় ১ কোটি ১৯ লাখ রুপি।
অগ্রিম বুকিং শুরুর প্রথম কয়েক ঘণ্টাতেই সিনেমাটি ব্যাপক সাড়া ফেলে। ২১ আগস্ট বুকিং চালুর পর শুধু বুকমাইশোতেই প্রথম কয়েক ঘণ্টায় এক লাখের বেশি টিকিট বিক্রি হয়। বেঙ্গালুরুতে প্রতি ঘণ্টায় ২৫ হাজারের বেশি টিকিট বিক্রির খবরও প্রকাশিত হয়েছে।
তবে অগ্রিম বুকিংয়ের মোট আয় ও টিকিট বিক্রির সংখ্যা নিয়ে বিভিন্ন বক্স অফিস পর্যবেক্ষক সংস্থার হিসাবে কিছুটা পার্থক্য রয়েছে। এনডিটিভির হিসাবে ব্লক করা আসনসহ আয় ১৯ কোটি ৪৪ লাখ রুপি। অন্যদিকে পরবর্তী কিছু প্রতিবেদনে এ আয় প্রায় ১৯ কোটি ৬৬ লাখ রুপি এবং টিকিট বিক্রি প্রায় ২ লাখ ৭০ হাজারে পৌঁছানোর কথা বলা হয়েছে।
ভারতের বাইরেও ‘টক্সিক’ নিয়ে দর্শকদের আগ্রহ দেখা যাচ্ছে। উত্তর আমেরিকায় সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বিশেষ করে তেলেগু ও কন্নড় সংস্করণে সেখানে দর্শকদের আগ্রহ বেশি। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডেও অগ্রিম বুকিংয়ে ভালো সাড়া পাওয়ার খবর এসেছে।
মুক্তির আগে সিনেমাটির সনদ নিয়েও আলোচনা হচ্ছে। ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র সনদ বোর্ড সিনেমাটিকে প্রাপ্তবয়স্ক দর্শকদের জন্য ‘এ’ সনদ দিয়েছে। যুক্তরাজ্যেও ১৮ বছরের বেশি বয়সী দর্শকদের জন্য সিনেমাটি অনুমোদন পেয়েছে।
গীতু মোহনদাস পরিচালিত সিনেমাটিতে যশের সঙ্গে অভিনয় করেছেন কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া ও রুক্মিণী বসন্ত।
মুক্তির চার দিন আগেই অগ্রিম বুকিংয়ে প্রায় ২০ কোটি রুপির কাছাকাছি পৌঁছে যাওয়ায় সিনেমাটির বড় উদ্বোধনী আয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে অগ্রিম বুকিংয়ের আয়কে প্রথম দিনের চূড়ান্ত বক্স অফিস আয় হিসেবে ধরা যাবে না। মুক্তির পর দর্শক উপস্থিতি ও প্রকৃত টিকিট বিক্রির ওপরই নির্ভর করবে ‘টক্সিক’-এর উদ্বোধনী সাফল্য।

