১৪ দিনের মধ্যে ব্যবসায়িক লাইসেন্সিং কাঠামো কার্যকরের পথে ইনভেস্ট বাংলাদেশ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:২২ অপরাহন, গাস্ট ২৩, ২০২৬

দেশে ব্যবসা শুরু ও বিনিয়োগের অনুমোদন প্রক্রিয়া দ্রুত করতে ১৪ দিনের মধ্যে ব্যবসায়িক লাইসেন্সিং কাঠামো কার্যকর করার পথে এগোচ্ছে নতুন বিনিয়োগ উন্নয়ন সংস্থা ‘ইনভেস্ট বাংলাদেশ’। একই সঙ্গে বিনিয়োগ ও ব্যবসাসংক্রান্ত সব সেবা একটি ডিজিটাল প্ল্যাটফর্মে আনার কাজও এগিয়ে নিচ্ছে সংস্থাটি।

রোববার (২৩ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ইনভেস্ট বাংলাদেশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন কর্তৃপক্ষের অন্যতম লক্ষ্য দ্রুত ও পূর্বানুমানযোগ্য ব্যবসা পরিবেশ তৈরি করা। এ জন্য লাইসেন্স, অনুমোদন ও সরকারি সেবা দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট পদ্ধতি ও সময়সীমা নির্ধারণে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এ সুযোগ রাখা হয়েছে।

নতুন কর্তৃপক্ষ বিনিয়োগকারীদের অনুমোদন প্রক্রিয়া সহজ করা, বিনিয়োগের উপযুক্ত স্থান খুঁজে দেওয়া এবং ব্যবসা সম্প্রসারণের পথে বিভিন্ন বাধা মোকাবিলায় সহায়তা করবে। পাশাপাশি বাংলাদেশের বিনিয়োগসেবার একক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘বাংলাবিজ’-এর কার্যক্রমও অব্যাহত থাকবে।

বাংলাবিজের মাধ্যমে ব্যবসার লাইসেন্স ও অনুমতিপত্র অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে পাওয়ার ব্যবস্থা রয়েছে। নতুন আইন কার্যকরের ফলে সিঙ্গেল-উইন্ডো ক্লিয়ারেন্স, ওয়ান-স্টপ সেবা এবং অনলাইন অনুমোদন প্রক্রিয়া আরও বিস্তৃত করার সুযোগ তৈরি হয়েছে।

ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, এটি শুধু তিনটি প্রতিষ্ঠানের একীভূতকরণ নয়; বরং বিনিয়োগকারীকে কেন্দ্রে রেখে সরকারের কাজ আরও কার্যকরভাবে সাজানোর উদ্যোগ।

Nagad

তিনি বলেন, পূর্বসূরি প্রতিষ্ঠানগুলোর অর্জন ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে আরও বড় ও শক্তিশালী দল হিসেবে নতুন অধ্যায় শুরু করা হবে।

ইনভেস্ট বাংলাদেশ জানিয়েছে, অর্থনৈতিক অঞ্চলগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। এসব এলাকায় বিদ্যুৎ, গ্যাস, পানি ও পরিবহন নেটওয়ার্কে সংযোগ তুলনামূলক দ্রুত দেওয়ার সুযোগ রয়েছে। তবে প্রকল্পের ধরন ও বিনিয়োগকারীর চাহিদা অনুযায়ী অর্থনৈতিক অঞ্চলের বাইরের প্রকল্পেও সহায়তা করবে নতুন কর্তৃপক্ষ।

এ ক্ষেত্রে অব্যবহৃত সরকারি জমি, স্থাপনা, শেয়ার ও স্বত্ব উৎপাদনশীল কাজে ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

এদিকে বিডা, বেজা ও পিপিপিএ একীভূত হওয়ার পর প্রতিষ্ঠান তিনটির কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যৎ নিয়েও তথ্য দিয়েছে ইনভেস্ট বাংলাদেশ। সংস্থাটি জানিয়েছে, নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা সমমানের পদে নতুন কর্তৃপক্ষে অন্তর্ভুক্ত হবেন। তাদের চাকরির ধারাবাহিকতা ও বর্তমান সুযোগ-সুবিধা বহাল থাকবে।

পরামর্শক, আউটসোর্সিং কর্মী ও দৈনিক মজুরিভিত্তিক কর্মীরা তাদের বর্তমান চুক্তি বা নিয়োগাদেশের শর্ত অনুযায়ী কাজ চালিয়ে যাবেন।

সরকারের আশা, প্রাতিষ্ঠানিক একীভূতকরণের পাশাপাশি সেবা ডিজিটালাইজেশন ও নির্দিষ্ট সময়সীমার মধ্যে অনুমোদন দেওয়ার ব্যবস্থা চালু হলে দেশে বিনিয়োগ ও ব্যবসা শুরুর প্রক্রিয়া আরও দ্রুত ও পূর্বানুমানযোগ্য হবে।