জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘ অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি সফরের শেষ দিকে তাঁর সান ফ্রান্সিসকো যাওয়ারও কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য নয় দিনের যুক্তরাষ্ট্র সফরকে সামনে রেখে প্রস্তুতি শুরু হয়েছে। সফরসঙ্গীদের যুক্তরাষ্ট্রের ভিসা সংগ্রহের কাজও চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এ বিষয়ে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে একটি নোট ভার্বাল পাঠিয়ে সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
সরকারপ্রধান হিসেবে এবারই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মূল অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন সাইডলাইন কর্মসূচিতেও তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।
জাতিসংঘের কর্মসূচি শেষে সান ফ্রান্সিসকোতে যাওয়ার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, ৮ সেপ্টেম্বর থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নেওয়ার কথা রয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের।
গত ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে মালয়েশিয়া ও চীন সফর করেছেন। এর মধ্যে দ্বিপক্ষীয় সফরে তাঁর ভারত যাওয়ার আলোচনা থাকলেও এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

