বাংলাদেশের চার তরুণ প্রকৌশলী পেলেন ‘হোন্ডা ওয়াই-ই-এস অ্যাওয়ার্ড’
বাংলাদেশের চার তরুণ প্রকৌশলী পেয়েছেন মর্যাদাপূর্ণ ‘হোন্ডা ইয়ং ইঞ্জিনিয়ার অ্যান্ড সায়েন্টিস্টস (ওয়াই-ই-এস) অ্যাওয়ার্ড ২০২৫’। তরুণ প্রকৌশলীদের প্রযুক্তিগত দক্ষতা, মেধা ও উদ্ভাবনী সক্ষমতাকে স্বীকৃতি দিতে এ পুরস্কার দেওয়া হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে চার বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এবারের হোন্ডা ওয়াই-ই-এস অ্যাওয়ার্ডের বিজয়ীরা হলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাকিফ নাঈব রাইয়ান, কাজী তাজগীর তাহমিন রেভান ও মো. আদনান রহমান এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) লাইলাতুল বরাত সিদ্দিকা।
চার বিজয়ীর প্রত্যেককে ৩ হাজার মার্কিন ডলার, একটি মেডেল ও সনদ দেওয়া হয়েছে। এ ছাড়া নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে ‘হোন্ডা ওয়াই-ই-এস প্লাস’ কর্মসূচির আওতায় জাপানে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ গ্রহণের জন্য সর্বোচ্চ ১০ হাজার মার্কিন ডলার পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের মন্ত্রী ও উপপ্রধান নাওকি তাকাহাশি বলেন, হোন্ডা সবসময় প্রযুক্তিকে মানুষ ও সমাজের কল্যাণে ব্যবহারের বিষয়টিতে গুরুত্ব দেয়। বিজ্ঞান ও প্রযুক্তিতে ভবিষ্যৎ নেতৃত্ব দেওয়ার সম্ভাবনাময় তরুণ প্রকৌশলী ও বিজ্ঞানীদের উৎসাহিত করতে ওয়াই-ই-এস অ্যাওয়ার্ড একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তিনি আশা প্রকাশ করেন, পুরস্কারপ্রাপ্ত তরুণদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর সমাধান ভবিষ্যতে বাংলাদেশসহ বিশ্বের টেকসই উন্নয়নে ভূমিকা রাখবে।
হোন্ডা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং ওয়াই-ই-এস অ্যাওয়ার্ড প্রোগ্রামের মূল্যায়নকারী অধ্যাপক টাটিও আরিমোতো বলেন, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে সমাজে অবদান রাখার সম্ভাবনা রয়েছে-এমন প্রতিভাবান তরুণ প্রকৌশলী ও বিজ্ঞানীদের স্বীকৃতি ও উৎসাহ দেওয়াই এ পুরস্কারের মূল লক্ষ্য।
বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদের আগ্রহ ও সম্ভাবনার প্রশংসা করে তিনি বলেন, পুরস্কারপ্রাপ্তরা তাদের জ্ঞান ও দক্ষতা আরও সমৃদ্ধ করে টেকসই ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখবেন। একই সঙ্গে বাংলাদেশ ও জাপানের মধ্যকার বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হোন্ডা ফাউন্ডেশনের মহাসচিব গাকু আজুমাই, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন সেন্টারের (জাইস) বাংলাদেশস্থ কান্ট্রি ডিরেক্টর ইউকিয়োশি মাতসুদা, বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুসুমু মরিসাওয়া এবং প্রতিষ্ঠানটির চিফ মার্কেটিং অফিসার শাহ মোহাম্মদ আশিকুর রহমান, এফসিএ।
এ ছাড়া প্রখ্যাত অভিনেতা, পরিচালক ও লেখক এস এ আবুল হায়াতসহ বুয়েট, চুয়েট, কুয়েট ও রুয়েটের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, তরুণ প্রকৌশলী ও বিজ্ঞানীদের মেধা, প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতাকে স্বীকৃতি দিতে হোন্ডা ফাউন্ডেশন ২০০৬ সাল থেকে বিভিন্ন দেশে ওয়াই-ই-এস অ্যাওয়ার্ড দিয়ে আসছে। বাংলাদেশে ২০১৯ সালে প্রথমবারের মতো এ কার্যক্রম শুরু হয়। হোন্ডা ফাউন্ডেশনের উদ্যোগে এবং বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় এ বছরের পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

