কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ চালু করল বাংলালিংক

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
প্রকাশিত: ১২:০৮ অপরাহন, গাস্ট ২৭, ২০২৬

কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন রুফটপ সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করেছে মোবাইল অপারেটর বাংলালিংক। প্রতিষ্ঠানটির দাবি, এ ব্যবস্থা বছরে প্রায় ৮৫ হাজার কিলোওয়াট-ঘণ্টা সবুজ বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি ৫২ টন পর্যন্ত কার্বন নির্গমন কমাতে সহায়তা করবে।

ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলালিংক।

ডেটা সেন্টারের অব্যবহৃত প্রায় ২ হাজার ৫০০ বর্গফুট ছাদজুড়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। পর্যাপ্ত সূর্যের আলো থাকাকালে এটি গ্রিডের প্রায় ৬ শতাংশ বিদ্যুৎ সাশ্রয়ে সহায়তা করবে। এর ফলে বছরে জ্বালানি ব্যয় বাবদ প্রায় ১২ লাখ টাকা সাশ্রয় হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বাংলালিংক বলছে, এ উদ্যোগ তাদের পরিবেশ, সামাজিক ও সুশাসন (ইএসজি) লক্ষ্য বাস্তবায়নে ভূমিকা রাখবে। একই সঙ্গে লোডশেডিং বা জরুরি পরিস্থিতিতে ডেটা সেন্টারের কার্যক্রম সচল রাখতেও এটি সহায়ক হবে।

এর আগে গত বছর গাজীপুর ডেটা সেন্টারে ৮০ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করে বাংলালিংক। প্রতিষ্ঠানটির ভাষ্য, এর মাধ্যমে দেশের প্রথম মোবাইল নেটওয়ার্ক অপারেটর হিসেবে ডেটা সেন্টারে সৌরবিদ্যুতের ব্যবহার শুরু করে তারা।

কুমিল্লা ডেটা সেন্টারে নতুন এই ব্যবস্থা চালুর বিষয়ে বাংলালিংকের চিফ টেকনোলজি অ্যান্ড ইনফরমেশন অফিসার (সিটিআইও) হুসেইন তুর্কার বলেন, টেকসই ও স্থিতিশীল ডিজিটাল অবকাঠামো গড়ে তোলার যাত্রায় এটি একটি বড় পদক্ষেপ। গুরুত্বপূর্ণ কার্যক্রমে সৌরবিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি জ্বালানি ব্যয়ও সাশ্রয় করা সম্ভব হচ্ছে।

Nagad

তিনি বলেন, দীর্ঘমেয়াদে এর মাধ্যমে বাংলালিংকের নেটওয়ার্ক আরও টেকসই ও নির্ভরযোগ্য হয়ে উঠবে। পরিবেশের টেকসইতা শুধু প্রতিশ্রুতি নয়, এটি তাদের ব্যবসায়িক কার্যক্রমের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়িয়ে বিভিন্ন স্থাপনা ও নেটওয়ার্ককে আরও পরিবেশবান্ধব করার উদ্যোগ অব্যাহত রয়েছে। কুমিল্লা ডেটা সেন্টারের সৌরবিদ্যুৎ প্রকল্পকে এ ধারাবাহিকতার অংশ হিসেবে দেখছে বাংলালিংক।