মেয়েদের প্রশিক্ষণের প্রায় ৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:০৩ অপরাহন, গাস্ট ২৭, ২০২৬

নওগাঁর মান্দায় মেয়েশিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রশিক্ষণের নামে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বিশেষ বরাদ্দের প্রায় ৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর বিরুদ্ধে।

স্থানীয়দের অভিযোগ, সরকারি নীতিমালা অনুসরণ না করে ভুয়া স্বাক্ষর ও বিল-ভাউচারের মাধ্যমে বরাদ্দের অর্থ আত্মসাৎ করা হয়েছে। কাগজপত্রে দুই দিনের প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ভাতার হিসাব দেখানো হলেও বাস্তবে একদিনেই প্রশিক্ষণ শেষ করা হয়। শিক্ষার্থীদের নগদ ভাতা না দিয়ে একটি করে স্যানিটারি প্যাড ও সামান্য নাস্তা দেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

২০২৫-২৬ অর্থবছরের এডিপির বিশেষ বরাদ্দ থেকে ৬৪ শিক্ষার্থী ও চার প্রশিক্ষকের জন্য মোট ২ লাখ ৯৮ হাজার ২৭৮ টাকা ব্যয় ধরা হয়। বাজেট অনুযায়ী, প্রত্যেক শিক্ষার্থীর দৈনিক ভাতা ১ হাজার ৫০০ টাকা। দুই দিনে একজন শিক্ষার্থীর ৩ হাজার টাকা পাওয়ার কথা। আর চার প্রশিক্ষকের প্রত্যেকের দৈনিক ভাতা ৩ হাজার টাকা হিসেবে দুই দিনে মোট ২৪ হাজার টাকা বরাদ্দ রাখা হয়।

অভিযোগ রয়েছে, গত ১৫ জুন অনুষ্ঠিত প্রশিক্ষণের নথিতে ৬৪ শিক্ষার্থীর শতভাগ উপস্থিতি দেখানো হলেও বাস্তবে ৩০ থেকে ৩৫ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা কোনো নগদ ভাতা পাননি। অথচ তাদের নামে ভুয়া স্বাক্ষর দেখিয়ে দুই দিনের পুরো ভাতার অর্থ তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয়ের স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক শিক্ষিকা পারভীন বেগম বলেন, তার প্রতিষ্ঠান থেকে তিন শিক্ষার্থী প্রশিক্ষণে অংশ নেয়। তাদের দুপুরের খাবার ছাড়া কোনো ভাতা দেওয়া হয়নি।

বিদ্যামাধুরী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারতী রানী বলেন, শিক্ষার্থীদের কোনো ভাতা দেওয়া হয়নি। তাদের খাবারের প্যাকেট ও স্যানিটারি প্যাড দেওয়া হয়েছে। যাতায়াতের জন্য ১ হাজার টাকা দেওয়া হয়েছে।

Nagad

প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করা মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জয়নাল আবেদিন বলেন, ১৫ জুন একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। তিনি এক দিনের ভাতা হিসেবে ৩ হাজার টাকা পেয়েছেন। চার প্রশিক্ষকের জন্য দুই দিনের মোট ২৪ হাজার টাকা বরাদ্দ থাকলেও তাদের এক দিনের ভাতা হিসেবে মোট ১২ হাজার টাকা দেওয়া হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার না করে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন ইউএনও আখতার জাহান সাথী। তিনি বলেন, শিক্ষার্থীদের নগদ ভাতা দেওয়া হয়নি। এর পরিবর্তে স্যানিটারি প্যাড ও খাবার দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের যাতায়াতের জন্য প্রতিষ্ঠানপ্রধানদের কিছু অর্থ দেওয়া হয়েছে। সূত্র: এনটিভি অনলাইন