জাতীয় পুরস্কার কমিটিতে নতুন দায়িত্ব পেলেন ১০ মন্ত্রী-প্রতিমন্ত্রী
জাতীয় পুরস্কার প্রদানের লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয় থেকে পাওয়া প্রস্তাব পরীক্ষা ও সুপারিশ করার জন্য ১০ সদস্যের ‘জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ পুনর্গঠন করেছে সরকার। কমিটির আহ্বায়ক করা হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খানকে।
সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন—স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নূর।
এ ছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীও কমিটির সদস্য হিসেবে থাকবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে বিভিন্ন মন্ত্রণালয় থেকে জাতীয় পুরস্কারের জন্য আসা প্রস্তাব পরীক্ষা করা এবং এ বিষয়ে সুপারিশ দেওয়া। পাশাপাশি বিভিন্ন জাতীয় পুরস্কার আনুষ্ঠানিকভাবে প্রদান, পুরস্কার প্রদানসংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন এবং নতুন কোনো জাতীয় পুরস্কারের প্রয়োজনীয়তা যাচাই করে সুপারিশ করবে কমিটি।
কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নে মন্ত্রিপরিষদ বিভাগ সার্বিক সহায়তা দেবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়, জাতীয় পুরস্কার সংক্রান্ত কমিটি গঠনের বিষয়ে চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি জারি করা আগের প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। নতুন এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
কমিটিকে প্রয়োজনীয় সহায়তা দিতে মন্ত্রিপরিষদ সচিবকে সভাপতি করে নয় সদস্যের একটি সচিবালয়ও গঠন করা হয়েছে। এতে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবসহ অর্থ, স্বাস্থ্য, শিক্ষা, বাণিজ্য, তথ্য ও সম্প্রচার এবং সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা সদস্য হিসেবে থাকবেন।

