হরমুজ প্রণালিতে সেনা ও নৌযান পাঠানোর প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৩৫ পূর্বাহ্, সেপ্টেম্বর ৪, ২০২৬

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে মুক্ত নৌ চলাচল নিশ্চিত করতে চলতি বছরের শেষ নাগাদ সামরিক সম্পদ মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া। সরকারি ও সামরিক সূত্রের বরাত দিয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে দেশটির কয়েকটি শীর্ষস্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

প্রতিবেদন অনুযায়ী, হরমুজ প্রণালিতে সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানোর বিষয়ে চলতি মাসেই মন্ত্রিসভার অনুমোদন নিয়ে জাতীয় সংসদে সম্মতি প্রস্তাব তোলার প্রক্রিয়া শুরু করেছে দক্ষিণ কোরিয়ার সরকার।

সরকার যে বিকল্পগুলো বিবেচনা করছে, তার মধ্যে রয়েছে সামুদ্রিক টহল বিমান, লজিস্টিক সহায়তাকারী জাহাজ এবং মাইন শনাক্ত ও অপসারণে বিশেষায়িত দল পাঠানো। সম্ভাব্য সহায়তার ধরন ও পরিধি নিয়ে দক্ষিণ কোরিয়া ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের সঙ্গে আলোচনা শুরু করেছে।

তবে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ‘ব্লু হাউস’ এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালিতে মুক্ত নৌ চলাচল নিশ্চিত করতে কীভাবে বাস্তবমুখী সহায়তা দেওয়া যায়, সে বিষয়ে আলোচনা চলছে। তবে সেনা পাঠানোর বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে—এমন খবর ‘সত্যের চেয়ে কিছুটা ভিন্ন’।

এর আগে আগস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে অভিযোগ করেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে দক্ষিণ কোরিয়া সরাসরি সহায়তা করতে অস্বীকৃতি জানিয়েছে। এর জেরে তিনি সিউলের সঙ্গে যৌথ সামরিক মহড়ার পরিধি কমিয়ে দিয়েছেন বলেও দাবি করেন।

ওয়াশিংটনের অর্থনৈতিক ও সামরিক চাপের মধ্যে এবার হরমুজ প্রণালিতে সামরিক সম্পদ মোতায়েনের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে সিউল। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে প্রেসিডেন্টের কার্যালয়।

Nagad