‘এখনই গান বন্ধ করে দাও’, নতুন প্রজন্মকে কেন বললেন জেমস
গানের টানে তরুণ বয়সেই ঘর ছেড়েছিলেন নগরবাউল জেমস। সময়ের পরিক্রমায় সেই তরুণই হয়ে উঠেছেন দেশের রকসংগীতের অন্যতম আইকন। ভক্তদের কাছে তিনি ‘গুরু’ নামে পরিচিত। বয়স বাড়লেও মঞ্চে তার দাপট কমেনি। এখনও সমানতালে গান গেয়ে শ্রোতাদের মাতিয়ে যাচ্ছেন তিনি।
প্রায় দুই মাস ধরে ইউরোপে সংগীত সফরে রয়েছেন জেমস। পর্তুগাল, ইংল্যান্ড, সাইপ্রাস ও ইতালি ঘুরে বর্তমানে সুইডেনে অবস্থান করছেন এই রক তারকা। আগামী ৬ সেপ্টেম্বর সুইডেনে প্রবাসী বাংলাদেশিদের গান শোনাবেন তিনি।
কনসার্ট উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজের সংগীতজীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন জেমস। সেখানেই নতুন প্রজন্মের শিল্পীদের উদ্দেশে সংগীত নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন তিনি।
জেমস বলেন, ‘গান করতে হবে একদম প্যাশন থেকে, নেশা থেকে। কোনো প্রাপ্তির আশায় যদি কেউ মিউজিক করে, তবে আমি বলব, এখনই বন্ধ করে দাও।’
জীবনে কোনো কিছু পাওয়ার আশায় গান করেননি জানিয়ে জেমস বলেন, ভালোবাসা, আবেগ ও প্যাশন থেকেই সংগীতকে বেছে নিয়েছেন তিনি।
তিনি বলেন, ‘আমি মনে করি, কোনো কিছু পাওয়ার জন্য মিউজিক করা ঠিক না। মিউজিক করতে হবে নিজের প্রশান্তির জন্য। এর মাধ্যমে যদি কিছু অর্জন হয়, সেটা ভিন্ন কথা। আজ যদি আমি কোনো কিছু নাও পেতাম, তাহলেও গানই করে যেতাম।’
দীর্ঘ সংগীতজীবনের প্রসঙ্গে জেমস বলেন, মঞ্চে উঠলে এখনও তার মনে হয় শ্রোতারা আগের মতোই আছেন। সময়ের সঙ্গে প্রজন্ম বদলে গেলেও সেটি তিনি সেভাবে খেয়াল করেননি।
জেমস বলেন, ‘যখনই মঞ্চে দাঁড়াই, মনে হয় সবাই আগেরই শ্রোতা। এর মধ্যে যে সময় বয়ে যাচ্ছে, জেনারেশন চেঞ্জ হচ্ছে-এটা খেয়ালই করিনি। এখন মনে হয় অনেকগুলো জেনারেশনকে হয়তো গান শোনাতে পারছি।’
গানকেই জীবনের শেষ দিন পর্যন্ত সঙ্গী করে রাখতে চান এই রক তারকা। ভবিষ্যৎ নিয়ে আলাদা কোনো পরিকল্পনা না থাকলেও মঞ্চে গান গেয়ে যাওয়ার ইচ্ছা অটুট রয়েছে তার।
জেমস বলেন, ‘সংগীত নিয়ে আলাদা কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই। গান গেয়ে যাব, শেষ পর্যন্ত গাইতেই চাই। এমনকি শেষে গিয়ে যদি দেখি মাত্র একজন দর্শকও আছে, আমি তার জন্যও গান গেয়ে যাব।’
আশির দশকের শুরুর দিকে চট্টগ্রামে ‘ফিলিংস’ ব্যান্ডের গিটারিস্ট ও ভোকাল হিসেবে সংগীতে পথচলা শুরু করেন জেমস। ১৯৮৭ সালে প্রকাশিত হয় ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’। এরপর কয়েক দশক ধরে তার গান মাতিয়েছে একের পর এক প্রজন্মের শ্রোতাকে।
সুইডেনের কনসার্টের মধ্য দিয়ে শেষ হবে জেমসের দীর্ঘ ইউরোপ সফর। এরপর অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়াল দেবেন তিনি। আগামী ১২ সেপ্টেম্বর নিউ সাউথ ওয়েলসে আয়োজিত একটি বিশেষ কনসার্টে জেমসের সঙ্গে একই মঞ্চে গান করবেন পশ্চিমবঙ্গের ফসিলস ব্যান্ডের গায়ক রূপম ইসলাম।

