দেশে ফিরলেই শেখ হাসিনাকে জেলে যেতে হবে: শামা ওবায়েদ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনা হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে এবং কারাগারে যেতে হবে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। একই বক্তব্যের বিষয়ে অন্যান্য সংবাদমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
শামা ওবায়েদ বলেন, একজন দণ্ডপ্রাপ্ত আসামি বিদেশে বসে কী বলছেন, তা সরকারের কাছে বিবেচ্য নয়। শেখ হাসিনাসহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ভারতে অবস্থান করছেন উল্লেখ করে তিনি বলেন, তাদের ফিরিয়ে আনতে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করছে বাংলাদেশ।
মক্কা প্যাক্টে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ভবিষ্যতে কোনো আন্তর্জাতিক ফোরাম বা জোটে যোগ দেওয়ার ক্ষেত্রে দেশের পররাষ্ট্রনীতি ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে। কোনো জোটে যুক্ত হওয়া দেশের জন্য উপকারী হলে তখন বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত জানাবে।
মতবিনিময় সভায় মাদারীপুরের জেলা প্রশাসক নার্গিস আক্তার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহম্মদ হানজালা, জেলা পুলিশ সুপার মো. ফজলে এলাহীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

