অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী
কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গ্রেপ্তার ব্যক্তিরা হত্যার ঘটনা স্বীকার করেছে বলেও জানান তিনি।
রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘কুমিল্লার ঘটনাটা একটা মর্মান্তিক ঘটনা। সারাদেশবাসী খুব মর্মাহত। একটা অপ্রাপ্তবয়স্ক শিশুই বলা যায়। তার বয়স সম্ভবত ১৩ বছর। নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তার নিহত হওয়ার খবর পাওয়া যায় এবং ডেড বডি উদ্ধার করা হয়।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তার ১২ ঘণ্টার মধ্যে সন্দেহভাজন সমস্ত আসামি গ্রেফতার করা হয়েছে। সর্বশেষ হিসাবমতে, আগে তিনজন, আজ একজনসহ মোট চারজন গ্রেফতার হয়েছে। এবং তারা অপরাধ স্বীকার করেছে। এখন বাকি আইনানুগ প্রক্রিয়া চলমান।’
গ্রেপ্তারদের বয়স সম্পর্কে তিনি বলেন, দুজনের বয়স ১৮ বছরের বেশি এবং একজনের বয়স ১৮ বছরের কম হতে পারে। তবে সবার জাতীয় পরিচয়পত্র যাচাই করা হচ্ছে। তাদের অনেকটা কিশোর অপরাধ চক্রের মতো উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপ্রতিমের সঙ্গে তাদের সম্পর্ক, ওঠাবসা ও বন্ধুত্ব ছিল। তারা প্রায়ই একসঙ্গে আড্ডা দিত। খোঁজখবর ও অন্যান্য তথ্য বিশ্লেষণে দেখা গেছে, তাদের অনেকেই অপ্রতিমের চেয়ে পাঁচ থেকে ১০ বছরের বড়।
অপ্রতিমের সঙ্গে থাকা আইফোন উদ্ধারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যে মোবাইল নিয়ে ঘটনা, সেই মোবাইলটা উদ্ধার করা হয়েছে প্রধানতম সন্দেহভাজন আসামির কাছে। ওর নাম তুহিন।’
তিনি বলেন, ‘সমস্ত আলামত পাওয়া গেছে। তারা ঘটনা স্বীকার করেছে। এখন পুলিশ অন্যান্য আইনানুগ কার্যক্রম বা ১৬৪ করানো যায় কি না, এগুলো নিয়ে কাজ করছে।’
পুলিশের ভূমিকার প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১২ ঘণ্টার মধ্যে সব আসামিকে গ্রেপ্তার এবং আলামতসহ অন্যান্য বিষয় জব্দ করতে সক্ষম হয়েছে পুলিশ। ফরেনসিক বিশ্লেষণ করা হচ্ছে এবং নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
অপ্রতিম হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করার আশাও প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বিচার করবে আদালত। আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে চার্জশিট দাখিলের মাধ্যমে পুলিশ সহযোগিতা করবে। রামিসা হত্যাকাণ্ডের মতো এ মামলার বিচারও দ্রুত শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় সে। এরপর আর বাসায় ফেরেনি।
নিখোঁজ হওয়ার প্রায় ২২ ঘণ্টা পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ উদ্ধারের সময় তার সঙ্গে আইফোনটি ছিল না। পরে তুহিনের কাছ থেকে ফোনটি উদ্ধার করা হয়।
অপ্রতিমের মা ড. নাহিদা বেগম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক।

