গোপন বৈঠকের অভিযোগে গুলশানে ২০ জনকে আটক করে পুলিশে দিলেন নয়ন
রাজধানীর গুলশানের একটি বাড়ি থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী সন্দেহে ২০ জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন ও তাঁর দলের নেতা-কর্মীরা।
বুধবার (২৬ নভেম্বর) বিকেলে গুলশানের ৪১ নম্বর সড়কের ৭৪ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর বলেন, গুলশানের একটি বাড়ি থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী সন্দেহে ২০ জনকে আটক করা হয়েছে। যুবদলের নেতা-কর্মীরা তাদের আটক করে পুলিশের কাছে দিয়েছেন। আটকদের বিরুদ্ধে কোনো মামলা আছে কি না, তা যাচাই করা হচ্ছে।
বাড়ি ঘেরাও করে ২০ জনকে আটকের একটি ভিডিও নিজের যাচাইকৃত ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেছেন রবিউল ইসলাম নয়ন। ভিডিওতে দেখা যায়, বিকেলে নেতা-কর্মীদের নিয়ে গুলশানের ওই বাড়ির সামনে যান নয়ন। পরে বাড়ির চারপাশে অবস্থান নিয়ে কাউকে পালাতে না দেওয়ার নির্দেশ দেন তিনি। একপর্যায়ে প্রাচীর টপকে বাড়ির ভেতরে প্রবেশ করেন নয়ন ও তাঁর সঙ্গে থাকা কয়েকজন।
পরে ভবনের বিভিন্ন কক্ষে ঢুকে লোকজনকে বের করে আনা হয়। পুলিশ সদস্যরাও বাড়ির ভেতর থেকে একে একে কয়েকজনকে নিচে নামিয়ে ভবনের পার্কিং এলাকায় জড়ো করেন।
এ সময় যুবদলের এক কর্মীকে বলতে শোনা যায়, ‘তারা নাশকতা করতে আসছিল। ছাত্রলীগ, যুবলীগের সবডিরে ধরছি।’
ভিডিওতে নয়নকে বাড়ির বিভিন্ন কক্ষে তল্লাশি চালাতেও দেখা যায়। একপর্যায়ে কয়েকজনের পাসপোর্ট, মুঠোফোন ও মানিব্যাগ পুলিশের কাছে বুঝিয়ে দেন তিনি। পুলিশকে উদ্দেশ করে নয়নকে বলতে শোনা যায়, ‘যারা নিরপরাধ তাদের ছেড়ে দেবেন।’
বাড়ি থেকে বের হয়ে সাংবাদিকদের নয়ন বলেন, সকালে তিনি খবর পান, বিকেল ৪টার দিকে গোপালগঞ্জ থেকে কয়েকজন, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এবং বনানী থানা শ্রমিক লীগের সভাপতির নেতৃত্বে কিছু লোক ওই বাড়িতে গোপন বৈঠক করবেন। খবর পেয়ে তারা সেখানে যান।
নয়ন দাবি করেন, ভবনটির পেছনের জানালার একটি অংশ কেটে বের হওয়ার পথ তৈরি করা হয়েছিল। তাদের উপস্থিতির খবর পেয়ে কয়েকজন ওই পথ দিয়ে পালিয়ে যান।
তিনি বলেন, সব মিলিয়ে ২০ থেকে ২২ জনকে পুলিশ আটক করেছে। ডিসেম্বর সামনে রেখে তারা সেখানে পরিকল্পনা করছিলেন বলেও দাবি করেন নয়ন।
ঢাকা মহানগরের কোথাও আওয়ামী লীগের নেতা-কর্মীরা নাশকতার পরিকল্পনা করলে তাদের প্রতিহত করার কথাও জানান তিনি।
এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর পল্টন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা জাভেদ দিদারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছিলেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন।

