খাদ্যে পোড়া তেল ও ক্ষতিকর উপাদান, চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং ক্ষতিকর উপাদান বিক্রির দায়ে চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় চার প্রতিষ্ঠানকে ৮৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক ফয়েজ উল্ল্যাহ।
অভিযান সূত্রে জানা যায়, পাহাড়তলীর লোকনাথ ফুড প্রোডাক্টসকে অপরিচ্ছন্ন পরিবেশে চানাচুর, বুটভাজাসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ এবং খাদ্য তৈরিতে পোড়া তেল ব্যবহারের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
পাহাড়তলী বাজারের মেসার্স কাউসার এন্টারপ্রাইজকে খাদ্যপণ্যে ব্যবহারের জন্য ক্ষতিকর কেওড়া জল বিক্রির দায়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
একই বাজারের ফেনী স্টোরকে ক্ষতিকর রং মিশ্রিত কাশ্মীরি মরিচ বিক্রির কারণে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া তৃতীয় পক্ষের কাছ থেকে ঘি কিনে নিজেদের উৎপাদিত পণ্য হিসেবে প্যাকেটজাত ও বিক্রি করার অভিযোগে আর এন সুপার বাঘাবাড়ি নামের একটি ঘি প্যাকেটজাতকারী প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে ব্যবসায়ীদের নিরাপদ খাদ্য উৎপাদন ও বিক্রয় এবং ভোক্তা অধিকার আইন মেনে চলার বিষয়ে সতর্ক করা হয়।

