ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:৪৭ অপরাহন, সেপ্টেম্বর ২৭, ২০২৬

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে সায়েন্সল্যাবসংলগ্ন গ্রিন রোডের মুখে এ ঘটনা ঘটে।

সংঘর্ষের সময় সায়েন্সল্যাব মোড়সংলগ্ন বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হয়। এ ঘটনায় ঢাকা কলেজের তিন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছেন কলেজটির অধ্যক্ষ।

ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী হাবিব বলেন, ক্লাস শেষে ঢাকা কলেজের বাস সায়েন্সল্যাব দিয়ে যাওয়ার সময় আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা বাস লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এতে বাসের কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। পরে এ খবর পেয়ে তারা সায়েন্সল্যাবে গিয়ে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের প্রতিহত করেন।

অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থীরা হঠাৎ তাদের ওপর হামলা করেন। কী কারণে হামলা করা হয়েছে, তা তিনি জানেন না। এতে তাদের কলেজের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন এবং কয়েকজনের মাথা ফেটেছে বলেও দাবি করেন তিনি।

ওই শিক্ষার্থী আরও বলেন, তারা নতুন শিক্ষার্থী। বাসার দিকে যাওয়ার সময় হঠাৎ তাদের ওপর হামলা করা হয়। এতে তারা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে ইলিয়াস বলেন, ঢাকা কলেজের বাস সায়েন্সল্যাব দিয়ে যাওয়ার সময় আইডিয়াল কলেজের কিছু শিক্ষার্থী ল্যাবএইড হাসপাতালের সামনে ভাঙচুরের চেষ্টা করেন। এ সময় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের কিছু শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষ হয়েছে বলে তিনি শুনেছেন। ঘটনায় ঢাকা কলেজের তিন শিক্ষার্থী আহত হয়েছেন।

Nagad

অধ্যক্ষ আরও বলেন, সংঘর্ষের আশঙ্কায় কলেজ প্রশাসন সকাল থেকেই নিউমার্কেট ও ধানমন্ডি থানার সঙ্গে যোগাযোগ করেছিল। পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছিল। পাশাপাশি শিক্ষার্থীদের সংঘর্ষ থেকে বিরত রাখতে শিক্ষকদেরও ঘটনাস্থলে পাঠানো হয়েছিল।