নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, মিলতে পারে দিনে ৭০ লাখ ঘনফুট
নোয়াখালীর সেনবাগে নতুন একটি গ্যাসকূপের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কূপটি থেকে প্রতিদিন ৬০ থেকে ৭০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হতে পারে।
বুধবার (৭ অক্টোবর) সকালে সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্পের পরিচালক মো. মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বর্তমানে কূপটিতে ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) চলছে। আগামী দুই থেকে তিন দিন এ পরীক্ষা চলবে। পরীক্ষা শেষ হলে কূপটিতে মোট কী পরিমাণ গ্যাস মজুত রয়েছে এবং কতটুকু গ্যাস উত্তোলন করা সম্ভব, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
প্রকল্প পরিচালক বলেন, প্রাথমিক পরীক্ষায় কূপটিতে গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এখান থেকে প্রতিদিন প্রায় ৬০ থেকে ৭০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হতে পারে।
বাপেক্স সূত্রে জানা গেছে, গত ২৯ জুলাই সুন্দলপুর-৪ কূপের খননকাজ শুরু হয়। ডিরেকশনাল ওয়েল পদ্ধতিতে এমডব্লিউডি প্রযুক্তি ব্যবহার করে কূপটি ১ হাজার ৫৭৮ মিটার গভীর পর্যন্ত খনন করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৪২০ থেকে ১ হাজার ৪৬০ মিটার গভীরতার স্তরে গ্যাসের উপস্থিতি পাওয়া যায়।
সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপটির অবস্থান। এর আগে কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর এলাকায় একই গ্যাসক্ষেত্রের আওতায় সুন্দলপুর-১, ২ ও ৩ নম্বর কূপ খনন করা হয়েছিল।
নতুন কূপটি সেনবাগে হলেও একই ভূগর্ভস্থ গ্যাসক্ষেত্র কাঠামোর অংশ হওয়ায় এর নাম রাখা হয়েছে সুন্দলপুর-৪।

