অফিস ও বাসার কাজের জন্য লেনোভোর নতুন অল-ইন-ওয়ান পিসি, দাম কত?
বাংলাদেশের বাজারে কমপ্যাক্ট ডিজাইন, নির্ভরযোগ্য পারফরম্যান্স ও প্রয়োজনীয় সংযোগ সুবিধাসমৃদ্ধ লেনোভো এ১০০ অল-ইন-ওয়ান পিসি নিয়ে এসেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। বাজেটবান্ধব এ কম্পিউটারে মনিটর ও কম্পিউটারের সব প্রয়োজনীয় উপাদান একই ডিভাইসে যুক্ত থাকায় আলাদা করে ডেস্কটপের বিভিন্ন যন্ত্রাংশ সেটআপ করার প্রয়োজন নেই। ফলে ডেস্কে জায়গা সাশ্রয়ের পাশাপাশি কর্মপরিবেশ রাখা যায় পরিপাটি।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, লেনোভোর এ পিসি মূলত ব্যাংক, হাসপাতাল, করপোরেট প্রতিষ্ঠান, পোশাক কারখানা, শিক্ষাপ্রতিষ্ঠান, ওষুধ কোম্পানি, শপিং মল, সুপারশপের বিলিং কাউন্টার এবং বাসায় দৈনন্দিন কাজের জন্য উপযোগী।
ডিভাইসটিতে রয়েছে চার কোর ও চার থ্রেডের ইন্টেল এন১০০ প্রসেসর। এর সর্বোচ্চ টার্বো গতি ৩ দশমিক ৪ গিগাহার্জ। ফলে দৈনন্দিন কম্পিউটিং, ইন্টারনেট ব্রাউজিং, অফিসের কাজ ও একাধিক অ্যাপ্লিকেশন ব্যবহারে প্রয়োজনীয় পারফরম্যান্স পাওয়া যাবে। এর সঙ্গে রয়েছে ৮ গিগাবাইট ডিডিআর৫ র্যাম এবং ৫১২ গিগাবাইট পিসিআই-ই ৪.০ এনভিএমই এসএসডি। এতে কম্পিউটার দ্রুত চালু হওয়া, অ্যাপ্লিকেশন লোড করা এবং ফাইল সংরক্ষণ ও ব্যবস্থাপনায় সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি ইন্টিগ্রেটেড ইন্টেল ইউএইচডি গ্রাফিকস সাধারণ অফিসের কাজ, ভিডিও দেখা ও দৈনন্দিন গ্রাফিকস ব্যবহারে সহায়তা করবে।
এতে রয়েছে ২৩ দশমিক ৮ ইঞ্চির ফুল এইচডি আইপিএস ডিসপ্লে। এর রেজল্যুশন ১৯২০ বাই ১০৮০ পিক্সেল, উজ্জ্বলতা ২৫০ নিটস এবং এসআরজিবি কালার কাভারেজ ৯৯ শতাংশ। ফলে ছবি, ভিডিও ও বিভিন্ন ডিজিটাল কনটেন্ট দেখার ক্ষেত্রে পাওয়া যাবে স্বচ্ছ ও প্রাণবন্ত দৃশ্যমান অভিজ্ঞতা।
অনলাইন যোগাযোগের জন্য পিসিটিতে রয়েছে প্রাইভেসি শাটারযুক্ত ৫ মেগাপিক্সেলের ওয়েবক্যাম ও ডুয়াল মাইক্রোফোন। ফলে ভিডিও কল, অনলাইন মিটিং ও ভার্চুয়াল ক্লাসে এটি ব্যবহার করা যাবে। এ ছাড়া রয়েছে দুটি ২ ওয়াটের স্টেরিও স্পিকার। সংযোগের জন্য এতে ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.২ এবং প্রয়োজনীয় ইউএসবি পোর্ট রয়েছে। সঙ্গে দেওয়া হচ্ছে ইউএসবি কিবোর্ড ও মাউস। ফলে আলাদা করে এসব আনুষঙ্গিক যন্ত্র কেনার প্রয়োজন হবে না।
ক্লাউড গ্রে রঙের এ অল-ইন-ওয়ান পিসিতে রয়েছে এক বছরের ওয়ারেন্টি। গ্লোবাল ব্র্যান্ড পিএলসির তথ্যমতে, শীতকালীন বিশেষ অফারে ডিভাইসটির দাম ৬৫ হাজার টাকা থেকে কমিয়ে ৬১ হাজার ৬৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
পণ্যটি কিনতে আগ্রহীরা গ্লোবাল ব্র্যান্ড পিএলসির অনলাইন স্টোর, নিকটস্থ শাখা এবং অনুমোদিত বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে পারবেন।

