সরাসরি তালিকাভুক্তির নিষেধাজ্ঞা প্রত্যাহার, পুঁজিবাজারে বাড়ছে নতুন সুযোগ
পুঁজিবাজারে টেকসই উন্নয়নের লক্ষ্যে স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির (ডিরেক্ট লিস্টিং) ওপর দীর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সরকার। এর ফলে সরকারি, বেসরকারি ও বহুজাতিক কোম্পানিগুলো সরাসরি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হওয়ার সুযোগ পাবে।
সোমবার (৫ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পুঁজিবাজার-১ শাখা থেকে এ-সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) পাঠানো হয়েছে।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো. মামুনুর রশীদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, পুঁজিবাজারে টেকসই উন্নয়নের স্বার্থে সরকারি, বেসরকারি মালিকানাধীন ও বহুজাতিক কোম্পানিগুলোকে স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির বিষয়ে ২০১০ সালের ১ ফেব্রুয়ারি আরোপিত নিষেধাজ্ঞা নির্দেশক্রমে প্রত্যাহার করা হলো।
চিঠিতে বলা হয়, বিএসইসির চেয়ারম্যানের গত ১৯ আগস্টের ডিও পত্রের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০১০ সালের ১ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ের তৎকালীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নীতিশাখা থেকে জারি করা এক স্মারকের মাধ্যমে স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। প্রায় ১৬ বছর পর সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করল সরকার।
সরাসরি তালিকাভুক্তি বা ডিরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে কোনো কোম্পানি প্রচলিত প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়ার বাইরে নির্দিষ্ট বিধিবিধান অনুসরণ করে সরাসরি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হতে পারে। এতে কোম্পানিগুলোর জন্য পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ এবং তালিকাভুক্তির নতুন সুযোগ তৈরি হতে পারে।
অর্থ মন্ত্রণালয়ের চিঠিতে সরকারি ও বেসরকারি মালিকানাধীন কোম্পানির পাশাপাশি বহুজাতিক কোম্পানিগুলোকেও এ সুযোগের আওতায় আনা হয়েছে। ফলে দেশে কার্যরত বড় ও প্রতিষ্ঠিত কোম্পানিগুলোর পুঁজিবাজারে আসার পথ আরও উন্মুক্ত হতে পারে।
পুঁজিবাজার সংশ্লিষ্টরা দীর্ঘদিন ধরে সরাসরি তালিকাভুক্তির সুযোগ চালুর দাবি জানিয়ে আসছিলেন। তাদের মতে, তালিকাভুক্তির সুযোগ বাড়লে বাজারে ভালো মৌলভিত্তির কোম্পানির সংখ্যা বাড়তে পারে। পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের সুযোগও সম্প্রসারিত হবে।
তবে সরাসরি তালিকাভুক্তির ক্ষেত্রে কোন কোম্পানি কীভাবে তালিকাভুক্ত হবে, শেয়ার বিক্রির প্রক্রিয়া, মূল্য নির্ধারণ এবং বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষাসহ বিস্তারিত বিষয় বিএসইসির সংশ্লিষ্ট বিধিবিধানের মাধ্যমে নির্ধারিত হবে।
অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা জাগো নিউজকে বলেন, ২০১০ সালে এক নির্দেশনার মাধ্যমে স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। সোমবার সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। ফলে স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির ক্ষেত্রে আর কোনো বাধা নেই।
তিনি বলেন, এ সিদ্ধান্তের ফলে বিএসইসি প্রয়োজনীয় নীতিমালা ও বিধিবিধান অনুযায়ী সরাসরি তালিকাভুক্তির প্রক্রিয়া বাস্তবায়নের উদ্যোগ নিতে পারবে।

