সৌদি আরব ছাড়ার নির্দেশ মার্কিন কূটনীতিক ও তাঁদের পরিবারের সদস্যদের

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:০৮ পূর্বাহ্, অক্টোবর ২২, ২০২৬

সৌদি আরবে ড্রোন ও বিমানবন্দরে হামলায় অন্তত তিনজন নিহত ও আটজন আহত হওয়ার পর দেশটিতে অবস্থানরত জরুরি নন এমন মার্কিন কূটনীতিক ও তাঁদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলের আরও কয়েকটি মার্কিন কূটনৈতিক মিশন থেকে পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে ওয়াশিংটন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের সৌদি আরবের বেসামরিক স্থাপনায় হামলার পরিপ্রেক্ষিতে জরুরি নন এমন মার্কিন কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যদের সৌদি আরব ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

টমি পিগট আরও বলেন, ইরান-সমর্থিত হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে শত্রুতামূলক তৎপরতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। বেসামরিক বিমানবন্দর ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে। এতে বেসামরিক মানুষ হতাহত হওয়ার পাশাপাশি বিমান চলাচলও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

রয়টার্সের বরাতে জানা গেছে, উপসাগরীয় অঞ্চলের অন্যান্য মার্কিন কূটনৈতিক মিশন থেকেও পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হতে পারে। তবে সৌদি আরবের বাইরে অবস্থিত মিশনগুলোর বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বিস্তারিত কিছু জানাননি।

বিমানবন্দর ও তেলক্ষেত্রে হামলা

Nagad

মার্কিন কূটনীতিকদের সরিয়ে নেওয়ার নির্দেশের পর সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় একজন নিহত ও আটজন আহত হয়েছেন।

এর আগে একই দিনে সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানায়, রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর শাইবাহ তেলক্ষেত্রের একটি স্থাপনায় হামলার চেষ্টা করা হয়েছিল। এ সময় সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ড্রোন ধ্বংস করে। ওই ঘটনায় দুইজন নিহত হন।

পরপর এসব হামলার পর সৌদি আরবে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বেসামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্র নিজেদের কূটনৈতিক কর্মী ও তাঁদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নিয়েছে।

সূত্র: রয়টার্স