চাকরি থেকে বরখাস্ত সাবেক ডিবিপ্রধান হারুন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:২০ অপরাহন, অক্টোবর ৩১, ২০২৬

মোহাম্মদ হারুন অর রশীদ। পুরনো ছবি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ হারুন-অর-রশিদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দায়িত্বে অনুপস্থিত থাকা ও কর্মস্থল ত্যাগের অভিযোগে হারুন-অর-রশীদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছিল। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন হারুন-অর-রশীদ। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়। অভিযোগের বিষয়ে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে তিনি লিখিত জবাব দেননি।

পরবর্তী সময়ে নিয়োগ করা তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে প্রতিবেদন জমা দেন। ওই প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে আনা ‘পলায়ন’-এর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর সংশ্লিষ্ট বিধি অনুযায়ী হারুন-অর-রশীদের বিরুদ্ধে চাকরি থেকে বরখাস্তের গুরুদণ্ড আরোপ করা হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

Nagad

হারুন-অর-রশীদ একসময় ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি পুলিশের অপরাধ ও অপারেশনস বিভাগের দায়িত্বেও ছিলেন। দায়িত্ব পালনকালে বিভিন্ন সময়ে তাঁকে ঘিরে নানা অভিযোগ ও বিতর্ক তৈরি হয়েছিল।