টিকটক ভিডিও নিয়ে বিরোধ, ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে টিকটক ভিডিও নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে আশুগঞ্জ বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় বাজারের সব দোকানপাট।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে আশুগঞ্জ উপজেলা সদরের আশুগঞ্জ বাজারে স্থানীয় আবিরপাড়া ও নাকরপাড়া গোষ্ঠীর লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আশুগঞ্জের দুর্গাপুর ইউনিয়নের সোহাগপুর গ্রামের আবিরপাড়া গোষ্ঠীর সিয়াম ও ফাহাদ এবং নাকরপাড়া গোষ্ঠীর আরিফ ও বক্কর বন্ধু। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) টিকটক ভিডিও নিয়ে সিয়াম ও ফাহাদের সঙ্গে আরিফ ও বক্করের ঝগড়া হয়। এ ঘটনার জেরে দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শনিবার বিরোধ মীমাংসার জন্য আশুগঞ্জ বাজারে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে বিষয়টি মীমাংসা হলেও পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

