যেকোনো হুমকির তাৎক্ষণিক জবাব দেওয়ার নির্দেশ খামেনির

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:১৭ অপরাহন, অক্টোবর ৩১, ২০২৬

শত্রুপক্ষের যেকোনো হুমকির বিপরীতে ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। দেশটির সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডারদের এ নির্দেশ দেন তিনি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএর বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মোজতবা খামেনি বলেন, শত্রুদের শক্তিশালীভাবে মোকাবিলায় ‘সর্বোচ্চ প্রতিরোধ ব্যবস্থা’ নিশ্চিত করতে বুদ্ধিভিত্তিক সামরিক প্রস্তুতি অপরিহার্য।

তিনি বলেন, শত্রুপক্ষ আবারও সামরিক বা সন্ত্রাসী হামলা চালালে সেই যুদ্ধ কখন এবং কী শর্তে শেষ হবে, তা নির্ধারণ করবে ইরানের সশস্ত্র বাহিনী ও জনগণ।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দৃশ্যমান ও অদৃশ্যমান সব ধরনের সম্পদ যেন ইরানি বাহিনীর নাগালের মধ্যে থাকে, সে লক্ষ্যে দেশের ‘টার্গেট ব্যাংক’ হালনাগাদ করার নির্দেশও দিয়েছেন খামেনি।

এ ছাড়া ইরানের সামরিক গোয়েন্দা নেটওয়ার্ক শক্তিশালী করা এবং নিজস্ব প্রতিরক্ষা কৌশল ও সামরিক মতবাদ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে নতুন প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে অত্যাধুনিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সক্ষমতা বাড়ানোর নির্দেশনা দেন ইরানের সর্বোচ্চ নেতা।

Nagad