প্যাসিফিক জিন্সের ইউনিট-১ বন্ধের ঘোষণা, শ্রমিকদের পাওনা এককালীন পরিশোধ
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) প্যাসিফিক জিন্স লিমিটেডের ইউনিট-১ ভবন ভেঙে আধুনিক ও পরিবেশবান্ধব ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। পুরোনো ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষিত হওয়ায় আগামী ৩ নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে কারখানাটি বন্ধ করে ভবন অপসারণের প্রক্রিয়া শুরু হবে।
এ সিদ্ধান্তের ফলে ইউনিটটিতে কর্মরত প্রায় সাড়ে পাঁচ হাজার শ্রমিক-কর্মচারী চাকরি হারাচ্ছেন। তবে বাংলাদেশ ইপিজেড শ্রম আইন অনুযায়ী তাঁদের সব আইনগত পাওনা ও গ্র্যাচুইটি এককালীন পরিশোধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
প্যাসিফিক জিন্স কর্তৃপক্ষের তথ্যমতে, ১৯৯৪ সালে চালু হওয়া ইউনিট-১ ভবনটির স্থায়িত্ব ও কাঠামোগত নিরাপত্তা কমে এসেছে। এ কারণে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্দেশনায় ভবনটি ভেঙে নতুন করে পরিবেশবান্ধব ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুন ভবন নির্মাণে প্রায় দেড় থেকে দুই বছর সময় লাগতে পারে।
প্রতিষ্ঠানটির পরিচালকরা জানান, ইপিজেড শ্রম আইনের ১৬(১) ধারা অনুযায়ী বিধিমালা অনুসরণ করে শ্রমিকদের সব পাওনা পরিশোধ করা হচ্ছে। পাশাপাশি নতুন ভবনের নির্মাণকাজ শেষ হওয়ার পর আবার উৎপাদন শুরু হলে অভিজ্ঞতার ভিত্তিতে বর্তমান শ্রমিকদের পুনর্বাসনে অগ্রাধিকার দেওয়া হবে।
সিইপিজেড কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে শ্রমিকদের পাওনা পরিশোধ এবং কারখানার ভবন অপসারণের প্রক্রিয়া চলছে।

