গাজীপুরে শ্রমিক বিক্ষোভ-অবরোধ, ভাঙচুর অর্ধশতাধিক যানবাহন
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ ও সড়ক অবরোধ করছেন গাজীপুরের পোশাকশ্রমিকরা। এ সময় অর্ধশতাধিক যানবাহন ও দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটেছে।
সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ ও মৌচাক এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিকরা আন্দোলনে নামেন। এ পরিস্থিতিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক, পল্লীবিদ্যুৎ, সফিপুর, হরিণহাটি ও আশপাশের এলাকার শিল্পকারখানাগুলো আবারও বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বিক্ষোভ ও ভাঙচুরের কারণে মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার অংশে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। এতে ওই এলাকায় তীব্র যানজটের পাশাপাশি আশপাশের আবাসিক এলাকাতেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সকালে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শ্রমিকরা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন।
তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন।

