রবি বোলার হান্টে স্বীকৃতি পেলেন ২১ উদীয়মান বোলার

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
প্রকাশিত: ১০:৩৭ পূর্বাহ্, নভম্বর ৪, ২০২৬

দেশের প্রতিশ্রুতিশীল বোলিং প্রতিভা খুঁজে বের করা ও তাদের বিকাশে সহায়তার লক্ষ্যে আয়োজিত ‘রবি বোলার হান্ট’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ অক্টোবর) ঢাকার মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ২১ জন বিজয়ী বোলারকে পুরস্কৃত করা হয়। এ ছাড়া দুজনকে দেওয়া হয়েছে বিশেষ পুরস্কার।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ২৫ হাজারের বেশি নিবন্ধনের মধ্য দিয়ে শুরু হওয়া এ প্রতিভা অন্বেষণ কার্যক্রমে প্রাথমিক বাছাই শেষে ১৪৩ জন সম্ভাবনাময় বোলারকে নির্বাচন করা হয়। তাঁদের মধ্যে ৫৭ জন পেসার ও ৮৬ জন স্পিনার। অংশগ্রহণকারীদের মধ্যে ১০৮ জন পুরুষ এবং ৩৫ জন নারী বোলার।

নির্বাচিত প্রতিযোগীরা ১ নভেম্বর ঢাকায় জাতীয় পর্যায়ের বাছাই পর্বে অংশ নেন। দিনব্যাপী প্রশিক্ষণ ও পারফরম্যান্স মূল্যায়নের পর সংক্ষিপ্ত তালিকায় জায়গা পান ৪২ জন। তাঁরা ২ নভেম্বর চূড়ান্ত পর্বে অংশ নেন। অভিজ্ঞ কোচ ও ক্রিকেট বিশেষজ্ঞদের মূল্যায়নের ভিত্তিতে বিজয়ীদের নির্বাচন করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল খান, প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী, রবি আজিয়াটা পিএলসির বিপণন বিভাগের প্রধান শওকত কাদের চৌধুরী, প্রধান করপোরেট ও নিয়ন্ত্রক কর্মকর্তা সাহেদ আলমসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে বিসিবি সভাপতি তামিম ইকবাল খান বলেন, বাংলাদেশের ক্রিকেটের ধারাবাহিক উন্নয়নে নতুন প্রতিভা খুঁজে বের করা এবং তাদের বিকাশে সহায়তা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রবি বোলার হান্টের মতো উদ্যোগ তরুণ ক্রিকেটারদের প্রতিভা তুলে ধরা ও স্বীকৃতি পাওয়ার সুযোগ তৈরি করে।

রবি আজিয়াটা পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, তরুণ প্রতিভাদের জন্য অর্থবহ সুযোগ তৈরি করতেই রবি বোলার হান্টের আয়োজন। প্রতিভা যেকোনো জায়গা থেকেই উঠে আসতে পারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে তৃণমূল পর্যায়ে ক্রিকেটের উন্নয়ন এবং নতুন প্রজন্মের ক্রিকেটারদের অনুপ্রাণিত করাই রবির লক্ষ্য।

Nagad

প্রতিষ্ঠানটির বিপণন বিভাগের প্রধান শওকত কাদের চৌধুরী বলেন, এ আয়োজন সম্ভাবনাময় বোলারদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করবে এবং তরুণদের ক্রিকেটে অংশ নিতে উৎসাহিত করবে।

গত ১৫ সেপ্টেম্বর রবি বোলার হান্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। দেশব্যাপী বাছাই কার্যক্রম শুরু হয় ২৭ সেপ্টেম্বর সিলেটে। সিলেট, খুলনা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং ঢাকার দুটি স্থানসহ মোট আটটি ভেন্যুতে বাছাই অনুষ্ঠিত হয়। খুলনার ভেন্যুতে বরিশালের অংশগ্রহণকারীরাও অংশ নেওয়ার সুযোগ পান। এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে পেস বোলিং হান্ট ও স্পিন বোলিং হান্ট আয়োজন করেছে রবি। এসব উদ্যোগের মাধ্যমে এবাদত হোসেন ও রিশাদ হোসেনের মতো প্রতিশ্রুতিশীল ক্রিকেটারদের খুঁজে বের করা সম্ভব হয়েছে।