পোশাকশ্রমিকদের আন্দোলন যৌক্তিক, অনুপ্রবেশ ঘটলে দায় সরকারের: নাহিদ ইসলাম
পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনকে যৌক্তিক বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, সরকারের সঠিক পরিকল্পনা ও কার্যকর উদ্যোগের অভাবেই আন্দোলন বড় আকার ধারণ করেছে। এতে ফ্যাসিস্টদের অনুপ্রবেশ ঘটলে এর দায় সরকারকেই নিতে হবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকালে পাবনা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে দলীয় কর্মিসভা ও সুধী সমাবেশে যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, শ্রমিকদের ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে সরকার দায় এড়াতে পারে না। দুই সপ্তাহ আগে থেকেই পোশাক খাতে মজুরি বৃদ্ধির আন্দোলনের পরিস্থিতি তৈরি হচ্ছিল। শ্রমিকদের সঙ্গে আলোচনা করে আগেই মজুরি পুনর্নির্ধারণ করা উচিত ছিল সরকারের।
তিনি বলেন, আন্দোলনে কোনো গোষ্ঠী অনুপ্রবেশ করে নৈরাজ্য সৃষ্টি করলে তা গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতা। বিরোধী দলকে নজরদারিতে রাখার পরিবর্তে দেশের শত্রুদের কর্মকাণ্ডের বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য সংগ্রহে গুরুত্ব দেওয়া উচিত।
নাহিদ ইসলামের অভিযোগ, সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের ব্যবসাপ্রতিষ্ঠানকে বিএনপির আশ্রয়-প্রশ্রয়ে রাখা হয়েছে। তাদের সুযোগ দেওয়ার কারণে আওয়ামী লীগ আবার সক্রিয় হওয়ার সুযোগ পেলে এর দায় বিএনপিকেও নিতে হবে।
সরকারের প্রতি জনগণের আস্থার অভাব রয়েছে দাবি করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার প্রায় ৫০০টি আন্দোলন মোকাবিলা করেছে। জনগণের আস্থা থাকলেই কেবল আন্দোলন থামানো সম্ভব। কিন্তু সরকার নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি ও ইশতেহারের অঙ্গীকার ভঙ্গ করেছে। তার অভিযোগ, ৭০ শতাংশ জনগণের রায়ের সঙ্গেও সরকার বেইমানি করেছে।
এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধির সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, আবারও গ্যাসের দাম বাড়ানো হয়েছে। আগে খোলাবাজারে ১ হাজার ৮০০ টাকার সিলিন্ডার ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। এখন দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।
স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি
রাজনৈতিক কৌশল তুলে ধরে নাহিদ ইসলাম জানান, ১১-দলীয় জোট সংসদীয় জোট হিসেবে থাকলেও আগামী স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি স্বতন্ত্র ও এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। এ লক্ষ্য সামনে রেখে সারা দেশে আঞ্চলিক সমাবেশের মাধ্যমে দলকে প্রস্তুত করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মুস্তাফিজ, জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন সরকারসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

