নতুন পাসপোর্ট-এনআইডি চেয়ে আবেদন শেখ হাসিনার
দেশে ফেরার প্রস্তুতি হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৯ নভেম্বর) লন্ডনভিত্তিক তার আইনজীবীদের মাধ্যমে ভারতের দিল্লিতে বাংলাদেশ দূতাবাসে এ আবেদন করা হয়।
২০২৪ সালে দেশ ছাড়ার পর এটিই শেখ হাসিনার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ বলে রয়টার্সের দেখা একটি চিঠিতে উল্লেখ করা হয়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে শেখ হাসিনা জানিয়েছেন, আদালতের মুখোমুখি হতে তিনি দেশে ফিরতে চান। তার সহযোগীরা জানিয়েছেন, বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরই দেশে ফেরার দিনক্ষণ ঘোষণা করা হবে।
ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বর মাসে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে। তবে ভারত থেকে তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে একটি চিঠি পাঠান।
চিঠিতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার ও অন্যান্য কর্তৃপক্ষের পক্ষ থেকে শেখ হাসিনার বর্তমান পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিলের খবরের পরিপ্রেক্ষিতে তার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশি জাতীয়তার ভিত্তিতে এবং ‘আন্তর্জাতিক মানবাধিকার কাঠামোর বাধ্যবাধকতা’ অনুযায়ী আবেদনগুলো দ্রুত সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।
তবে এ বিষয়ে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকার প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।
সূত্র: রয়টার্স

