কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ৩ দিনের সফরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:০৭ অপরাহন, নভম্বর ৯, ২০২৬

৩১তম জলবায়ু সম্মেলন (কপ-৩১) এ যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০ থেকে ১২ নভেম্বর তুরস্ক সফর করবেন। সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।

পররাষ্ট্র সচিব জানান, আগামী ১২ নভেম্বর কপ-৩১ সম্মেলনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্যে জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলার বিষয়গুলো গুরুত্ব পাবে।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে নারীদের বিশেষ ঝুঁকি এবং কৃত্রিম পাটজাত পণ্য নিয়েও কথা বলবেন প্রধানমন্ত্রী। বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান কম হলেও জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি। তাই উন্নত দেশগুলোর কাছ থেকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের প্রাপ্য অর্থায়ন নিশ্চিত করার বিষয়টি তুলে ধরা হবে।

সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, আন্তর্জাতিক জলবায়ু কূটনীতিতে বাংলাদেশ তার অবস্থান তুলে ধরবে। উন্নত দেশগুলো এর আগে বাংলাদেশকে অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তার প্রতিশ্রুতি দিলেও সেই সহায়তা সবসময় বাংলাদেশ পায় না। কপ-৩১ সম্মেলনে জলবায়ু অর্থায়ন ও প্রযুক্তি সহায়তায় বাংলাদেশের অধিকার ও প্রাপ্যতার বিষয়টি জোরালোভাবে তুলে ধরা হবে।

প্রধানমন্ত্রীর সফরকালে কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান পররাষ্ট্র সচিব। তিনি বলেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, তুরস্কের প্রেসিডেন্টসহ আরও কয়েকটি দেশের প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন তাঁর সহধর্মিনী ডা. জুবাইদা রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজসহ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তি।

Nagad