ইরানের দক্ষিণাঞ্চলে গভীর রাতে হামলা, সিরিকে পরপর বিস্ফোরণ
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরানে ফের হামলার খবর পাওয়া গেছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকে গভীর রাতে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হরমুজ প্রণালির কাছে হরমোজগান প্রদেশে অবস্থিত শহরটিতে হামলাটি সামরিক ধরনের বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। তবে কারা হামলা চালিয়েছে, কী লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শুক্রবার (১৩ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি সূত্রগুলো সিরিক শহরে হামলার খবর জানিয়েছে। হামলাটি সামরিক ধরনের ছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে হামলায় ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম হামলাকারীদের ‘শত্রুপক্ষ’ হিসেবে উল্লেখ করেছে। তবে কারা এই হামলা চালিয়েছে, সে বিষয়ে সরাসরি কোনো পক্ষের নাম জানানো হয়নি।
এদিকে হামলার খবর প্রকাশের পর বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে। বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৩ শতাংশ বেড়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট-ডব্লিউটিআই—অপরিশোধিত তেলের দাম বেড়েছে ২ দশমিক ৩৬ শতাংশ।
ইরনার বরাতে আনাদোলুর পৃথক প্রতিবেদনে বলা হয়েছে, গভীর রাতে প্রতিবেদন প্রকাশের কয়েক মিনিট আগে সিরিকে হামলার ঘটনা ঘটে। তবে হামলার লক্ষ্যবস্তু কিংবা হতাহতের বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।
এর আগে আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছিল, হরমোজগান প্রদেশের পূর্বাঞ্চলীয় সিরিক কাউন্টিতে পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রথমদিকে বিস্ফোরণের কারণ স্পষ্ট ছিল না। তবে কয়েকটি সূত্রের ধারণা, সামুদ্রিক নিয়মকানুন লঙ্ঘনের অভিযোগে কিছু জাহাজকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়ার কারণেও এসব বিস্ফোরণ হয়ে থাকতে পারে।
ইরানের দক্ষিণ উপকূলে হরমুজ প্রণালির পূর্ব দিকে সিরিকের অবস্থান। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথ পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি হওয়ায় হরমুজ প্রণালির আশপাশে যেকোনো সামরিক উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে।

