মাইক্রোসফটের আউটলুক-টিমস-কোপাইলটে বড় বিভ্রাট, বিপাকে হাজারো ব্যবহারকারী

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:২৪ পূর্বাহ্, নভম্বর ১৩, ২০২৬

বিশ্বজুড়ে মাইক্রোসফটের বিভিন্ন সেবায় বড় ধরনের বিভ্রাট দেখা দিয়েছে। এতে আউটলুক, টিমস ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবা কোপাইলটসহ মাইক্রোসফটের বেশ কয়েকটি সেবা ব্যবহারে সমস্যায় পড়েছেন হাজার হাজার ব্যবহারকারী।

যুক্তরাষ্ট্র, জাপান, সিঙ্গাপুর, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে এই বিভ্রাটের প্রভাব পড়েছে। মাইক্রোসফট জানিয়েছে, বিশ্বের একাধিক অঞ্চলে তাদের কিছু প্রযুক্তিগত অবকাঠামোর ওপর স্বাভাবিকের তুলনায় বেশি চাপ তৈরি হয়েছে। এ কারণেই সংযোগজনিত সমস্যা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে প্রতিষ্ঠানটি। খবর বিবিসির।

বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় বিকেল সোয়া ৪টার কিছু পর প্রথম বিভ্রাট শনাক্ত হয়। এরপর কয়েক ঘণ্টার মধ্যে বিভিন্ন দেশে মাইক্রোসফটের সেবায় সমস্যা ছড়িয়ে পড়ে।

সেবার কার্যক্রম পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় সন্ধ্যা ৬টার দিকে আউটলুক ব্যবহারে সমস্যার অভিযোগ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। ওই সময় অভিযোগের সংখ্যা প্রায় ১ লাখ ৪০ হাজারে দাঁড়ায়, যা স্বাভাবিক সময়ের তুলনায় দুই হাজার গুণেরও বেশি।

ডাউনডিটেক্টর জানিয়েছে, প্রায় এক ঘণ্টার মধ্যে বিশ্বের ৭৪টি দেশে মাইক্রোসফটের সেবায় বিভ্রাটের খবর পাওয়া যায়। সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৮ হাজারের বেশি ব্যবহারকারী তখনও সমস্যায় ছিলেন।

যেসব সেবায় সমস্যা

Nagad

বিভ্রাটের কারণে মাইক্রোসফট ৩৬৫-এর বেশ কয়েকটি অ্যাপ ব্যবহারে সমস্যা হচ্ছে। বিশেষ করে মাইক্রোসফটের এক্সচেঞ্জ অনলাইন সেবায় বড় ধরনের বিঘ্ন ঘটেছে। এর প্রভাব পড়েছে আউটলুক ই-মেইল সেবায়ও।

ব্যবহারকারীরা ক্যালেন্ডার অ্যাপেও নির্দিষ্ট কিছু ফাইল ও তথ্য দেখতে সমস্যায় পড়তে পারেন বলে জানিয়েছে মাইক্রোসফট। একই সঙ্গে প্রতিষ্ঠানটির কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম কোপাইলটের সেবাতেও বিঘ্ন ঘটেছে।

তবে মাইক্রোসফট জানিয়েছে, বার্তা আদান-প্রদান ও অনলাইন বৈঠকের কিছু সেবা অনেকাংশেই সচল রয়েছে। ক্ষতিগ্রস্ত সেবাগুলো স্বাভাবিক করতে দ্রুত কাজ করছে প্রতিষ্ঠানটির প্রযুক্তি দল।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সর্বশেষ হালনাগাদ তথ্যে মাইক্রোসফট জানিয়েছে, ক্ষতিগ্রস্ত সিস্টেমগুলো পুনরায় চালু করার প্রচেষ্টায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সিস্টেমগুলোর কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিভ্রাটে সামাজিক যোগাযোগমাধ্যমে রসিকতা

মাইক্রোসফটের সেবা বন্ধ থাকায় ভুক্তভোগী ব্যবহারকারীদের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে মিম ও রসিকতায় মেতে উঠেছেন। কর্মজীবনে ই-মেইল ও অনলাইন সেবার ওপর অতিরিক্ত নির্ভরতার বিষয়টিও উঠে এসেছে এসব পোস্টে।

এক ব্যবহারকারী রসিকতা করে লিখেছেন, আউটলুক কাজ না করলে কেলি রোল্যান্ডের মতো এক্সেলের মাধ্যমে ই-মেইল পাঠানোর সময় এসেছে। তার ওই পোস্টে হাজার হাজার প্রতিক্রিয়া ও শেয়ার হয়েছে।

কেউ কেউ আবার আউটলুক বন্ধ থাকাকে ছুটি পাওয়ার সুযোগ হিসেবেও দেখছেন। এক ব্যবহারকারী প্রশ্ন তুলেছেন, আউটলুক আর চালু না হলে সপ্তাহের বাকি দিনগুলো ছুটি নেওয়া যাবে কি না।

তবে মাইক্রোসফটের পক্ষ থেকে এখনো বিভ্রাটের নির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি। ক্ষতিগ্রস্ত সেবাগুলো পুরোপুরি স্বাভাবিক করতে প্রতিষ্ঠানটির প্রযুক্তি দল কাজ চালিয়ে যাচ্ছে।