পিরোজপুরে বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:৫৯ অপরাহন, নভম্বর ১৬, ২০২৬

পিরোজপুরের নাজিরপুরে বিএনপির দুটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় বিএনপির এক নেতার বসতবাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে জানালার থাই গ্লাস ভাঙচুর করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার মালিখালী ইউনিয়নের উত্তর ঝনঝনিয়া মোবাইল ফোনের টাওয়ার এলাকায় এসব ঘটনা ঘটে।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার ডুমুরিয়া এলাকা থেকে আওয়ামী লীগের ২৫০ থেকে ৩০০ নেতাকর্মী মিছিল নিয়ে নাজিরপুরের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড়ে আসেন। এ সময় তারা মালিখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সুমন তালুকদারের বাড়ির সামনে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে বাড়ির একটি থাই গ্লাস ভেঙে যায়।

পরে মিছিলকারীরা মোবাইল টাওয়ার মোড়সংলগ্ন বিএনপির একটি কার্যালয়ে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করেন। একই সময়ে মালিখালী ইউনিয়ন বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেনের কার্যালয়েও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ সময় ওই কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করে বাইরে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়। কার্যালয়ের টিনের বেড়া ও ছাউনিও কুপিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়।

পিরোজপুর জেলা বিএনপির সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত বলেন, নাজিরপুরে পৃথক দুটি স্থানে বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দলের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি মামলা করার প্রস্তুতি চলছে।

Nagad