গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ২:০৭ অপরাহন, নভম্বর ১৬, ২০২৬

গোপালগঞ্জ ছাড়া সারা বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।

সোমবার (১৫ নভেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগের রাজনীতির মূল ধারাই হলো আগুন-সন্ত্রাস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড। এটি নতুন কোনো বিষয় নয়, বরং তাদের রাজনৈতিক সংস্কৃতিরই একটি অংশ।

আন্দালিব রহমান পার্থ বলেন, গত ১৫ বছর ধরে গোপালগঞ্জকেন্দ্রিক যে স্বাভাবিক ধারা বা কর্মকাণ্ড তারা চালিয়ে এসেছে, তারই ধারাবাহিকতায় সারা বাংলাদেশ থেকে তাদের পলাতক আসামি ও সন্ত্রাসীদের সেখানে জড়ো করে একটি শোডাউন বা মহড়া দেখানো হয়েছে।

তিনি বলেন, গোপালগঞ্জ ছাড়া সারা বাংলাদেশে বর্তমানে তাদের আর কোনো উল্লেখযোগ্য বা বাস্তব অস্তিত্ব নেই। জুলাই অভ্যুত্থানকে অস্বীকার করে কিংবা অস্বীকার করার মানসিকতা নিয়ে নতুন করে রাজনীতি করা বা রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার কোনো অধিকার বা সুযোগ আওয়ামী লীগের সামনে খোলা নেই। তারা রাজনৈতিকভাবে সব কার্ড ও গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে।

আন্দালিব রহমান পার্থ আরও বলেন, তারেক রহমান বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন। দীর্ঘ ১৭ বছরে বিগত সরকারের রেখে যাওয়া অর্থনৈতিক সংকট ও নানা প্রতিকূলতা পেরিয়ে বর্তমান সরকার দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছে।

Nagad

ভুয়া খবর প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, সামাজিক মাধ্যমে ভুয়া খবর ও মিথ্যা তথ্য ছড়ানোর প্রবণতা রোধে সরকারের পাশাপাশি অংশীজনদের সহযোগিতা অত্যন্ত জরুরি। বিশেষ করে ফেসবুক বা ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলোর অর্থনৈতিক স্বার্থ এবং তাদের অ্যালগরিদমের কারণে প্রতিটি অ্যাকাউন্ট বা পেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা বাস্তবসম্মত নয়।

তবে মানহানিকর, বিকৃত বা ভুয়া সংবাদ এবং সামাজিক মাধ্যমে গালিগালাজ ও অপসংস্কৃতি রোধে সরকার ও সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল ও জাগো নিউজের সম্পাদক জিয়াউল হকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।