খেলাপি ঋণ ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:২৭ অপরাহন, নভম্বর ১৬, ২০২৬

দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বেড়ে ভয়াবহ আকার ধারণ করেছে। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত তপশিলি ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা। যা ব্যাংক খাতে বিতরণ করা মোট ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ।

সোমবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য রফিকুল ইসলাম খানের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২ সালে ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ ছিল ১৬ লাখ ১৭ হাজার ৬৮৮ কোটি ৭৬ লাখ টাকা। এর মধ্যে খেলাপি ঋণ ছিল ১ লাখ ৩৫ হাজার ৭১০ কোটি ৪৫ লাখ টাকা। ওই সময় খেলাপি ঋণের হার ছিল ৮ দশমিক ৩৯ শতাংশ।

২০২৪ সালে মোট ঋণের পরিমাণ দাঁড়ায় ১৭ লাখ ১১ হাজার ৪০১ কোটি ৯১ লাখ টাকা। এর মধ্যে খেলাপি ঋণ ছিল ৩ লাখ ৫ হাজার ৭৩ কোটি ৩৮ লাখ টাকা, যা মোট ঋণের ১৭ দশমিক ৮৩ শতাংশ।

২০২৫ সালে ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ বেড়ে দাঁড়ায় ১৮ লাখ ২০ হাজার ৯১৫ কোটি ৪৪ লাখ টাকা। একই সময়ে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে হয় ৫ লাখ ৪৪ হাজার ৩৩১ কোটি ৮৮ লাখ টাকা। মোট ঋণের হিসাবে খেলাপি ঋণের হার দাঁড়ায় ২৯ দশমিক ৯২ শতাংশ।

সর্বশেষ সেপ্টেম্বর ২০২৬-এর তথ্য অনুযায়ী, ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি ১৭ লাখ টাকা। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা, যা মোট ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ।

Nagad

অর্থমন্ত্রী জানান, ব্যাংক খাতে ঋণ জালিয়াতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের মাধ্যমে সৃষ্ট আর্থিক ক্ষতি পুনরুদ্ধার এবং বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনতে সরকার বিভিন্ন আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জাতীয় রাজস্ব বোর্ডসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সমন্বয়ে গঠিত টাস্কফোর্স সন্দেহভাজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদের তথ্য অনুসন্ধানে কাজ করছে। পাশাপাশি আইন ও বিচার বিভাগ, পুলিশ কমিশন, দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগসহ বিভিন্ন সংস্থা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা, বড় খেলাপিদের কাছ থেকে ঋণের অর্থ আদায় এবং ভবিষ্যতে ঋণ জালিয়াতি রোধে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। অর্থপাচার রোধ এবং বিদেশে পাচার হওয়া সম্পদ উদ্ধারে পারস্পরিক আইনি সহায়তার অনুরোধ পাঠানোর উদ্যোগসহ বিভিন্ন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।

সাত মাসে বৈদেশিক ঋণ পরিশোধ প্রায় ২৯৫ কোটি ডলার

সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সাত মাসে সরকার ২ হাজার ৯৫০ দশমিক ৫২ মিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক ঋণ পরিশোধ করেছে।

তিনি বলেন, সরকার গঠনের পর থেকেই বৈদেশিক ঋণ সহনীয় মাত্রায় রাখতে কাজ করছে। বৈদেশিক ঋণে বাস্তবায়নের জন্য নতুন প্রকল্প গ্রহণের আগে প্রকল্প প্রস্তাব ও সংশ্লিষ্ট ঋণপ্রস্তাব পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হচ্ছে, যাতে অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করা না হয়।

একই সঙ্গে বৈদেশিক ঋণের প্রকল্পগুলো দেশের অর্থনীতি পুনর্গঠন ও পুনরুদ্ধারের লক্ষ্য এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা বিবেচনায় নেওয়া হচ্ছে। বিশেষ করে উচ্চ সুদ ও স্বল্পমেয়াদি অনমনীয় শর্তের বৈদেশিক ঋণ নেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

বীমা দাবি পরিশোধে ব্যর্থ কোম্পানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

দেশের ৮২টি বীমা কোম্পানির মধ্যে একটি কোম্পানি প্রায় ৩ হাজার কোটি টাকার বীমা দাবি পরিশোধে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাজমুন নাহারের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ব্যাংকিং খাতের পাশাপাশি বীমা খাতেও বড় ধরনের নৈরাজ্য দেখতে পেয়েছে। এ পরিস্থিতিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে নতুনভাবে সাজানো হয়েছে এবং দায়িত্বশীল ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, ইতোমধ্যে সব বীমা কোম্পানিকে দাবি পরিশোধের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। অনেক কোম্পানি অন্যায়ভাবে বীমাগ্রহীতাদের অর্থ দিয়ে জমি কিনেছে এবং বিভিন্ন খাতে বিনিয়োগ করেছে। এসব জমি বিক্রি করে বীমা দাবি পরিশোধে কোম্পানিগুলোকে বাধ্য করা হচ্ছে।

তিনি বলেন, এরপরও যেসব বীমা কোম্পানি দাবি পরিশোধে ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিদেশফেরতদের পুনর্বাসনে ৩ হাজার কোটি টাকা

সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরীর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বিদেশফেরত প্রবাসীদের বিভিন্ন উৎপাদনশীল খাতে বিনিয়োগের সুযোগ সৃষ্টির লক্ষ্যে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে তিন পর্যায়ে মোট ৩ হাজার কোটি টাকা প্রাক-অর্থায়ন ঋণ দেওয়া হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ, শিল্প-কারখানা, সেবা ও বাণিজ্য এবং ক্ষুদ্র ও কুটির শিল্পসহ বিভিন্ন খাতে বিনিয়োগের জন্য প্রতি পর্যায়ে ১ হাজার কোটি টাকা করে এ অর্থ দেওয়া হয়েছে। প্রথম ও দ্বিতীয় পর্যায়ের বাস্তবায়ন শেষে তৃতীয় পর্যায়ের কার্যক্রম চলছে।

তিনি জানান, গ্রাহক পর্যায়ে এ ঋণের সর্বোচ্চ সুদহার ৮ শতাংশ। প্রথম পর্যায়ে ৪২ হাজার ৭৬২ জন এবং দ্বিতীয় পর্যায়ে ৪২ হাজার ৩০৩ জন এ ঋণ সুবিধা নিয়েছেন।

অর্থমন্ত্রী আরও জানান, সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের চিহ্নিত ও অর্থায়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ‘উদ্যোগ’ কর্মসূচি চালু করেছে। এ কর্মসূচির আওতায় যোগ্য তরুণ উদ্যোক্তারা চাহিদা ও মূল্যায়নের ভিত্তিতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংক ঋণ এবং সমপরিমাণ সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদানসহ মোট ২০ লাখ টাকা পর্যন্ত সমন্বিত অর্থায়নের সুযোগ পাবেন। কর্মসূচিটি পর্যায়ক্রমে সারা দেশে বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়নে পরিচালিত কটেজ, ক্ষুদ্র ও অতিক্ষুদ্র খাতে নতুন উদ্যোক্তা পুনঃঅর্থায়ন তহবিলের পরিমাণ ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়েছে। এ তহবিল থেকে নতুন উদ্যোক্তারা বিনা জামানতে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ১০ লাখ টাকা এবং জামানতসাপেক্ষে সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন।