ভোর থেকে টানা বৃষ্টি, অফিস-স্কুলগামীদের দুর্ভোগ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:৫২ অপরাহন, নভম্বর ১৯, ২০২৬

রাজধানী ঢাকায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর থেকে শুরু হওয়া বৃষ্টি সকাল গড়িয়ে দুপুর পর্যন্ত অব্যাহত ছিল। টানা বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। বিশেষ করে অফিস ও স্কুলগামী মানুষকে সকালে দুর্ভোগ পোহাতে হয়েছে। বৃষ্টির কারণে স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ায় নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে সমস্যায় পড়েছেন অনেকে।

সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ভোর থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির তীব্রতাও বাড়ে। বৃষ্টি থেকে বাঁচতে কেউ ছাতা মাথায়, কেউ রেইনকোট পরে গন্তব্যে ছুটছেন। আবার অনেকে বাসা কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে আশ্রয় নেন।

রামপুরা এলাকায় সকালে অফিসগামী মানুষের ভিড় থাকলেও বৃষ্টির কারণে স্বাভাবিক চলাচল ব্যাহত হয়। গণপরিবহনের অপেক্ষায় থাকা যাত্রীদের দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কেউ কেউ বৃষ্টিতে ভিজেই গন্তব্যের উদ্দেশে রওনা হন।

রামপুরার বাসিন্দা বেসরকারি চাকরিজীবী সোহেল তালুকদার বলেন, ‘সকালে অফিসে যাওয়ার জন্য বের হয়েছি। কিন্তু বৃষ্টির কারণে ঠিকমতো গাড়ি পাওয়া যাচ্ছিল না। একদিকে বৃষ্টি, অন্যদিকে রাস্তায় গাড়ির চাপ—সব মিলিয়ে বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে। অন্যদিনের তুলনায় আজ অফিসে পৌঁছাতে অনেক বেশি সময় লেগেছে।’

খিলগাঁও এলাকাতেও ছিল একই চিত্র। স্কুলগামী শিক্ষার্থী ও অভিভাবকদের বৃষ্টির মধ্যে চলাচল করতে হয়। অনেক অভিভাবক সন্তানদের নিয়ে বৃষ্টির মধ্যেই স্কুলের উদ্দেশে রওনা হন।

খিলগাঁওয়ের এক বাসিন্দা বলেন, ‘ছেলের বার্ষিক পরীক্ষা চলছে। তাই স্কুলে যাওয়া ছাড়া উপায় নেই। পরীক্ষা না থাকলে আজ ছেলেকে স্কুলে আনতাম না। ভোর থেকেই টানা বৃষ্টি হচ্ছে, থামার কোনো লক্ষণ দেখছি না। বৃষ্টির মধ্যে বাচ্চাদের নিয়ে চলাচল করা খুবই কষ্টকর।’

Nagad

মালিবাগ এলাকায় কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীদের ভোগান্তিও ছিল চোখে পড়ার মতো। বৃষ্টির কারণে সড়কে যানবাহনের গতি কমে যায়। কোথাও কোথাও যানবাহনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায় যাত্রীদের।

মতিঝিল এলাকায় অফিসগামী মানুষের ভোগান্তি ছিল বেশি। বৃষ্টির কারণে অনেককে ভিজে অফিসে যেতে দেখা যায়। কেউ কেউ নির্ধারিত সময়ে কর্মস্থলে পৌঁছাতে না পেরে দেরিতে অফিসে প্রবেশ করেন।

মতিঝিলের একটি বিমা কোম্পানির কর্মকর্তা মো. নাসিম বলেন, ‘সকাল থেকে বৃষ্টি হওয়ায় বাসা থেকে বের হতে দেরি হয়েছে। এরপর রাস্তায় এসে গাড়ি পেতেও সমস্যা হয়েছে। অফিসের সময় ঠিক রাখতে চাইলেও আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি।’ তিনি বলেন, ‘বৃষ্টির মধ্যে প্রায় ২০ মিনিট ছোটাছুটি করে তারপর রিকশা পেয়েছি। রিকশাচালক প্রায় দ্বিগুণ ভাড়া নিয়েছেন। এরপর বৃষ্টিতে ভিজে অফিসে এসেছি। আমাদের অফিসে না এলে বেতন কাটা যাবে। তাই চরম ভোগান্তি সত্ত্বেও অফিসে আসতে হয়েছে।’

এদিকে প্রয়োজনীয় কাজে বাইরে বের হওয়া সাধারণ মানুষও দুর্ভোগে পড়েছেন। বৃষ্টির কারণে পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে গণপরিবহনের ওপর নির্ভরশীল মানুষের ভোগান্তি বেশি।

রামপুরা এলাকার মিলন নামের এক পথচারী বলেন, ‘ব্যক্তিগত একটি কাজে বাইরে বের হয়েছি। ভাবছিলাম কিছুক্ষণের মধ্যে বৃষ্টি থেমে যাবে। কিন্তু দুপুর পর্যন্ত বৃষ্টি চলছেই। এ কারণে প্রয়োজনীয় কাজ শেষ করতেও দেরি হচ্ছে।’

টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল ধীর হয়ে যাওয়ায় দিনভর নগরবাসীর ভোগান্তি অব্যাহত রয়েছে।