২০৩২ সালের মধ্যে রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধ করবেন মামদানি, কিন্তু কেন?
সহিংসতা, অতিরিক্ত বন্দী এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে দীর্ঘদিন ধরে সমালোচিত নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স আইল্যান্ড কারাগার কমপ্লেক্স ২০৩২ সালের মধ্যে বন্ধের পরিকল্পনা ঘোষণা করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।
শুক্রবার প্রকাশিত পরিকল্পনায় কারাগারটি বন্ধের জন্য প্রশাসনের রূপরেখা তুলে ধরা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
এর আগে তৎকালীন মেয়র বিল ডি ব্লাজিও ২০২৭ সালের আগস্টের মধ্যে রাইকার্স আইল্যান্ড বন্ধের সময়সীমা নির্ধারণ করেছিলেন। নতুন পরিকল্পনায় সেই সময়সীমার পাঁচ বছর পর, অর্থাৎ ২০৩২ সালের মধ্যে কারাগারটি বন্ধের প্রস্তাব করা হয়েছে।
তবে নির্ধারিত সময়সীমার এক বছরেরও কম সময় বাকি থাকলেও রাইকার্সের বিকল্প হিসেবে নিউইয়র্কের চার বরোতে নির্মাণাধীন চারটি ছোট কারাগারের কাজ এখনো শেষ হয়নি। রাইকার্স আইল্যান্ডে মূলত সাজাপ্রাপ্ত বন্দীদের বদলে বিচারাধীন ব্যক্তিদের রাখা হয়।
এক বিবৃতিতে মামদানি বলেন, কয়েক দশক ধরে নিউইয়র্কের বাসিন্দারা নিরাপদ ও মানবিক সংশোধনব্যবস্থার দাবি জানিয়ে আসছেন। রাইকার্স আইল্যান্ড বন্ধ করা তাদের আইনি ও নৈতিক দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।
মেয়রের পরিকল্পনা অনুযায়ী, রাইকার্সে বন্দীর সংখ্যা ৬ হাজার ৭০০ থেকে কমিয়ে সর্বোচ্চ ৪ হাজার ১০০-তে নামিয়ে আনা হবে। এ জন্য আটকের বিকল্প ব্যবস্থা বাড়ানো, অনলাইনে জামিনের অর্থ পরিশোধের ব্যবস্থা পুনরায় চালু, পুনরায় অপরাধ কমানোর কর্মসূচিতে বিনিয়োগ এবং আদালতে মামলার দীর্ঘসূত্রতা কমানোর উদ্যোগ নেওয়া হবে।
শুক্রবার সংবাদ সম্মেলনে মামদানি বলেন, আদালতের দীর্ঘসূত্রতার কারণে অনেকে বছরের পর বছর মূলত আইনি অনিশ্চয়তার মধ্যে আটক থাকেন। এ সমস্যা সমাধানে এবং বিভিন্ন সংস্থার মধ্যে প্রমাণ বিনিময় কার্যকর করতে একটি টাস্কফোর্স গঠন করবে নগর প্রশাসন।
নতুন সময়সূচি অনুযায়ী, রাইকার্সের বিকল্প হিসেবে নির্মিত প্রথম কারাগার ২০২৯ সালে ব্রুকলিনে চালু হবে। বাকি কারাগারগুলোর নির্মাণকাজ ২০৩২ সালের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া গুরুতর মানসিক বা চিকিৎসাগত প্রয়োজন রয়েছে—এমন হেফাজতে থাকা ব্যক্তিদের জন্য হাসপাতালেও শয্যার ব্যবস্থা রাখবে নগর কর্তৃপক্ষ।
মামদানি বলেন, রাইকার্সে আটক কোনো ব্যক্তির পরিবারের সদস্যের সঙ্গে কথা বললেই বোঝা যাবে কারাগারটি কতটা বিচ্ছিন্ন। প্রিয়জনকে দেখতে সেখানে যেতে পরিবারের সদস্যদের অনেক ঘণ্টা সময় ব্যয় করতে হয়। নতুন কারাগারগুলো আদালত ও গণপরিবহন ব্যবস্থার কাছাকাছি নির্মাণ করা হবে। এর ফলে বন্দীদের আদালতে যাতায়াত সহজ হবে এবং সমাজে ফিরে আসার প্রক্রিয়ায় তাদের সহায়তা করা সম্ভব হবে বলে জানান তিনি।

