মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায় ইসরায়েলের জন্যও প্রাসঙ্গিক

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:১৯ পূর্বাহ্, নভম্বর ২০, ২০২৬

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে দেওয়া রায় শুধু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিচার পাওয়ার ক্ষেত্রে নয়, আন্তর্জাতিক আইনে গণহত্যা সনদের প্রয়োগের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, রায়ে গণহত্যার অভিযোগে রাষ্ট্রের দায় নির্ধারণ এবং অপরাধের উদ্দেশ্য শনাক্তের যে কাঠামো তুলে ধরা হয়েছে, তা গাজায় ইসরায়েলের বিরুদ্ধে চলমান মামলার ক্ষেত্রেও প্রাসঙ্গিক হতে পারে।

নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আইসিজের বিচারকরা ৯-৬ সংখ্যাগরিষ্ঠ রায়ে ১৯৪৮ সালের গণহত্যা সনদ প্রয়োগের একটি বিস্তারিত কাঠামো তুলে ধরেছেন। বিশেষ করে কোনো জনগোষ্ঠীর বিরুদ্ধে সরকার গণহত্যা চালিয়েছে—এমন অভিযোগের ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারের উদ্দেশ্য কী ছিল, তা কীভাবে নির্ধারণ করা হবে, সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন আদালত।

গণহত্যার অভিযোগে বর্তমানে আইসিজের সামনে থাকা অন্য দেশ ইসরায়েল। ফলে মিয়ানমারের বিরুদ্ধে দেওয়া এই রায় ইসরায়েল গভীরভাবে পর্যালোচনা করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জার্মানির জন্যও রায়টি গুরুত্বপূর্ণ। গাজায় গণহত্যা সংঘটনে সহায়তা এবং তা ঠেকাতে ব্যর্থতার অভিযোগে নিকারাগুয়া জার্মানির বিরুদ্ধে আইসিজেতে মামলা করেছে।

গাম্বিয়ার আইনি দলের সদস্য ও মানবাধিকারবিষয়ক আইনজীবী ফিলিপ স্যান্ডস বলেন, এই রায়ের মাধ্যমে গণহত্যা সনদের বাস্তব প্রয়োগের সুযোগ তৈরি হয়েছে। তাঁর মতে, এর বিপরীত সিদ্ধান্ত হলে সনদটি কার্যত অর্থহীন হয়ে পড়ত।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড রায়টিকে ভুক্তভোগী ও তাঁদের পরিবারের জন্য ন্যায়বিচারের একটি বিরল মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের প্রবণতা বাড়তে থাকা বিশ্বে রায়টি মানবিক আইনের কর্তৃত্ব প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেও মনে করেন তিনি।

উট্রেখট বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও যুদ্ধাপরাধ বিশেষজ্ঞ ড. ইভা ভুকুসিচ বলেন, আন্তর্জাতিক আইনের জন্য রায়টি গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এর মাধ্যমে আন্তর্জাতিক আইনের অনেক বিষয় আরও স্পষ্ট হবে।

Nagad

রায়ের প্রভাব আন্তর্জাতিক অপরাধ আদালতেও (আইসিসি) পড়তে পারে। ব্যক্তিবিশেষের বিরুদ্ধে কখন গণহত্যার অভিযোগ আনা যায়, তা নির্ধারণে আইসিজের রায়টি একটি মানদণ্ড হিসেবে ব্যবহৃত হতে পারে।
গণহত্যার উদ্দেশ্য নির্ধারণে আগের মানদণ্ডই বহাল
মিয়ানমারের বিরুদ্ধে রায় দেওয়ার আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনও বিষয়টির দিকে নজর রেখেছিল। আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানগুলোর প্রতি ট্রাম্প প্রশাসনের অবস্থান বরাবরই সমালোচনামূলক। রায় ঘোষণার আগে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আইসিজেকে সতর্ক করে বলেছিলেন, গণহত্যার অভিযোগ প্রমাণের আইনি মানদণ্ড যেন শিথিল করা না হয়। তাঁর আশঙ্কা ছিল, তা হলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সেনাদের বিরুদ্ধে আইনটি ‘অস্ত্র হিসেবে ব্যবহার’ করা হতে পারে।

তবে আদালত গণহত্যা প্রমাণের বিদ্যমান মানদণ্ড শিথিল করেননি। গাম্বিয়াও এমন কোনো পরিবর্তনের আবেদন করেনি। গণহত্যার উদ্দেশ্য নির্ধারণে বিচারকরা আগের মানদণ্ডই বহাল রেখেছেন। সেই মানদণ্ড অনুযায়ী, অভিযুক্তের কর্মকাণ্ডের ‘একমাত্র যুক্তিসংগত ব্যাখ্যা’ হতে হবে গণহত্যার উদ্দেশ্য। এ ক্ষেত্রে আগের বিভিন্ন মামলার রায়ও বিবেচনায় নিয়েছে আদালত।
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার উদ্দেশ্য প্রমাণিত
নতুন রায়ে আইসিজে বলেছে, রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে সরাসরি গণহত্যা চালানোর জন্য মিয়ানমারের সামরিক বাহিনী দায়ী। ২০১৭ সালে উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের লক্ষ্য করে চালানো সামরিক অভিযানের সময় নৃশংসতা চরমে পৌঁছায়।

সামরিক অভিযানের ব্যাপ্তি মূল্যায়নের সময় আদালত শুধু নিহত মানুষের সংখ্যা বিবেচনায় নেয়নি। প্রায় ১০ হাজার মানুষের মৃত্যুর পাশাপাশি অভিযানের লক্ষ্যবস্তু হওয়া উত্তর রাখাইনের প্রায় ৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গার বিষয়ও বিবেচনায় নেওয়া হয়েছে।

এ ছাড়া বেঁচে যাওয়া মানুষের মানসিক ক্ষতি, যৌন সহিংসতার শিকার ব্যক্তিদের ওপর এর প্রভাব এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রজনন ক্ষমতার ওপর অভিযানের প্রভাবও আদালত বিবেচনায় নিয়েছে। বিচারকদের মতে, সব প্রমাণ একসঙ্গে বিবেচনা করলে গণহত্যার উদ্দেশ্যই ছিল ‘একমাত্র যুক্তিসংগত ব্যাখ্যা’।
গাজার মামলায় কেন গুরুত্বপূর্ণ
আন্তর্জাতিক আইনের বিশেষজ্ঞদের মতে, আইসিজের এই সিদ্ধান্তের কয়েকটি দিক গাজা-সংক্রান্ত মামলার ক্ষেত্রেও প্রাসঙ্গিক হতে পারে। দক্ষিণ আফ্রিকার করা ইসরায়েলের বিরুদ্ধে মামলায় বর্তমানে লিখিত বক্তব্য ও পাল্টা বক্তব্য জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। মামলাটির নিষ্পত্তিতে আরও অন্তত তিন বছর লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দুটি ঘটনার মধ্যে শিশুদের লক্ষ্যবস্তু করার বিষয়টিকে একটি গুরুত্বপূর্ণ মিল হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। আইসিজে বলেছে, রোহিঙ্গা শিশুদের ওপর হামলা পুরো জনগোষ্ঠীর অস্তিত্বের ‘ভিত্তি’কে আঘাত করার শামিল। আদালতের তথ্য অনুযায়ী, ৫ বছরের কম বয়সী ২ হাজার ১০৯ জন রোহিঙ্গা শিশু নিহত হয়েছে। অন্যদিকে গাজা যুদ্ধে ৫ বছরের কম বয়সী পাঁচ হাজারের বেশি ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে।

মিয়ানমারের বিরুদ্ধে রায়ে গ্রাম ধ্বংসের পর বুলডোজার দিয়ে বিস্তীর্ণ এলাকা সমতল ও ভূমি পরিষ্কারের বিষয়টিও উল্লেখ করেছে আদালত। পরে সেখানে দ্রুত নিরাপত্তা স্থাপনা নির্মাণ করা হয়। গাজা উপত্যকার ৬০ শতাংশের বেশি এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর দখলদারিত্বের সময়ও এ ধরনের কর্মকাণ্ড দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মিডলসেক্স বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইনের অধ্যাপক ও গণহত্যা বিশেষজ্ঞ উইলিয়াম শাবাস বলেন, মিয়ানমারের বিরুদ্ধে দেওয়া এই রায়ে ইসরায়েলের জন্য অনেক বার্তা রয়েছে। তাঁর মতে, দুই ঘটনার মধ্যে স্পষ্ট পার্থক্য এবং প্রমাণের ভিন্নতা থাকলেও রায়ে ‘মিয়ানমার’ শব্দটির জায়গায় ‘ইসরায়েল’ বসালে খুব বেশি কিছু বদলাতে হবে না। দ্য গার্ডিয়ান