কারাগারে স্রোতের মতো ঢুকছে ইয়াবা, বন্দিদের অর্ধেকই মাদক মামলার আসামি
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বিভিন্ন কৌশলে ইয়াবা ঢোকানোর চেষ্টা করছেন বন্দিদের কেউ কেউ। আদালতে হাজিরা শেষে কারাগারে ফেরার সময় কিংবা থানা থেকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর সময় পেটের ভেতরে ইয়াবা বহন করে আনার ঘটনাও ঘটছে। পরে এসব ইয়াবা কারাগারের ভেতরে বের করে বিক্রি বা সেবন করা হচ্ছে।
এ অবস্থায় কারাগারের ভেতরে মাদক পাচার ঠেকাতে প্রবেশপথে তিন স্তরের তল্লাশি জোরদার করেছে কর্তৃপক্ষ। সন্দেহভাজন বন্দিদের সাধারণ ওয়ার্ডে না পাঠিয়ে অন্তত দুই দিন আলাদা রাখার ব্যবস্থাও করা হচ্ছে। সূত্র: বাংলাট্রিবিউন
কারাগার সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে অন্তত ৩০০টি ছোট-বড় মাদকের চালান আটক করা হয়েছে। এসব ঘটনায় কয়েক হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে বড় চালানের ৪৪টি ঘটনায় নগরের কোতোয়ালি থানায় মামলা হয়েছে। এসব ঘটনায় তিন নারী ও ৪১ পুরুষ বন্দির কাছ থেকে মোট ১৫ হাজার ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বাকি ঘটনায় কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নিয়েছে কারা কর্তৃপক্ষ।
থানায় করা মামলার তথ্য অনুযায়ী, একেকজন বন্দির পেট থেকে সর্বনিম্ন ৫০ থেকে সর্বোচ্চ তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। কালো টেপে মোড়ানো প্রতিটি ক্যাপসুলে ছিল ৫০ পিস করে ইয়াবা। একজন বন্দি এক থেকে সর্বোচ্চ ১৫টি ক্যাপসুল পেটের ভেতরে বহন করে কারাগারে প্রবেশের চেষ্টা করেছেন।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১০ মাসে উদ্ধার হওয়া ১৫ হাজার ৫৫০ পিস ইয়াবা পাওয়া গেছে ৩১১টি ক্যাপসুল থেকে।
শুধু কারাগারে প্রবেশের সময় নয়, ভেতরে মাদক সেবনের সময়ও অনেক বন্দি ধরা পড়েছেন। কারা কর্মকর্তাদের ধারণা, বাইরে থেকে বিভিন্ন কৌশলে মাদক কারাগারে ঢোকানোর পাশাপাশি ভেতরেও মাদক সেবনের একটি চক্র সক্রিয় রয়েছে। সেবনের সময় আটক বন্দিদের বিরুদ্ধে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ্ শরীফ বলেন, আসামিরা পেটের ভেতরে ইয়াবা বহন করে কারাগারে প্রবেশের চেষ্টা করেন। এ ছাড়া শরীরের বিভিন্ন অংশে লুকিয়েও মাদক আনার চেষ্টা করা হয়। গত ১০ মাসে অসংখ্য ছোট-বড় মাদকের চালান উদ্ধার হয়েছে। প্রতিদিনই দুই-তিনটি করে ছোট-বড় চালান ধরা পড়ছে। এর মধ্যে ৪৪টি ঘটনায় থানায় মামলা হয়েছে এবং এসব ঘটনায় ১৫ হাজার ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, বন্দিদের নিয়মিত তল্লাশির পাশাপাশি কারাগারের বিভিন্ন ওয়ার্ড ও সেলে নজরদারি বাড়ানো হয়েছে। প্রবেশপথে একাধিক দফায় দেহ তল্লাশি করা হচ্ছে। একবার তল্লাশি করেই কাউকে কারাগারে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। ভেতরে ও বাইরে কয়েক ধাপে বন্দিদের পরীক্ষা করা হচ্ছে। বিশেষ করে যাদের বিরুদ্ধে মাদক পাচারের সন্দেহ রয়েছে, তাদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন বলেন, ম্যানুয়াল পদ্ধতিতে পেটের ভেতরে থাকা মাদক শনাক্ত করা কিছুটা কঠিন। তারপরও কারাগারের প্রবেশপথ থেকে শুরু করে তিন স্তরে তল্লাশি করা হচ্ছে। পেটের ভেতরে থাকা ইয়াবার ক্যাপসুল ফেটে গেলে সংশ্লিষ্ট বন্দির মৃত্যুর ঝুঁকি রয়েছে। বড় চালান জব্দের ঘটনায় থানায় মামলা করা হচ্ছে। ছোট চালানের ক্ষেত্রে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবির বলেন, কারাগার থেকে মাদক উদ্ধারের ঘটনায় করা মামলাগুলো গুরুত্ব দিয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
এদিকে ধারণক্ষমতার কয়েক গুণ বেশি বন্দি থাকায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মাদক নিয়ন্ত্রণ আরও জটিল হয়ে উঠেছে। ২ হাজার ২৪৯ জনের ধারণক্ষমতার কারাগারটিতে বর্তমানে বন্দি রয়েছেন ৭ হাজার ৭০০ জন। অর্থাৎ ধারণক্ষমতার তিন গুণেরও বেশি বন্দি রয়েছেন সেখানে। তাদের মধ্যে অন্তত সাড়ে তিন হাজার বন্দি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার আসামি।
কারা কর্মকর্তাদের মতে, বিপুলসংখ্যক মাদক মামলার আসামি একই কারাগারে থাকায় ভেতরে মাদক পাচার ও সেবনের প্রবণতা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে।
কারা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের ডিআইজি প্রিজন মো. ছগির মিয়া বলেন, চট্টগ্রাম অঞ্চলে দ্রুত একটি নারকোটিক কারাগার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া প্রয়োজন। সাধারণ বন্দিদের কাছ থেকে মাদকাসক্ত ও মাদক মামলার বন্দিদের আলাদা রাখা গেলে তাদের পুনর্বাসন কার্যক্রম সহজ হবে। একই সঙ্গে সাধারণ বন্দিদের ওপর মাদকের নেতিবাচক প্রভাবও কমানো সম্ভব হবে।

