নড়াইলে বিএনপির মিছিলে হামলা, দুই নেতা নিহত

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:০৪ অপরাহন, নভম্বর ১৮, ২০২৬

নড়াইলের কালিয়া উপজেলায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির আয়োজিত শোভাযাত্রায় হামলার ঘটনায় দলটির দুই নেতা নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। হামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেছে বিএনপি।

নিহতরা হলেন-কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিন ও জাতীয়তাবাদী কৃষক দলের (জাসাস) উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কালিয়া উপজেলা শহরে এ হামলার ঘটনা ঘটে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল জেলার পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, বুধবার (১৮ নভেম্বর) কালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ৪০ থেকে ৫০টি মোটরসাইকেল ও গাড়ি নিয়ে কালিয়া পৌরসভার বিভিন্ন সড়কে একটি প্রতিবাদী শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি পৌরসভার বেন্দারচর গ্রামের রাস্তা দিয়ে বটগাছের উত্তর পাশের সড়ক হয়ে বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্ব পাশে খালের কাছে পৌঁছালে হামলার শিকার হয়।

​বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, আগে থেকেই সেখানে ওত পেতে থাকা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন থেকে চার শতাধিক নেতাকর্মী তাদের শোভাযাত্রায় অতর্কিত হামলা চালান। হামলাকারীরা নেতাকর্মীদের মারধরের পাশাপাশি বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। এতে পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

​হামলায় আহতদের মধ্যে রয়েছেন কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান (৪২), কালিয়া উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন (৪৫) এবং বিএনপি নেতা সোহেল (৩৫)। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে শাহীন ও সোহেলের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনায় পাঠানো হয়।

Nagad

​পরে গুরুতর আহত সোহেল ও শাহীনের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সোহেল বড় কালিয়া গ্রামের মরহুম মোতালেব মোল্লার ছেলে। তবে তাদের মৃত্যুর বিষয়ে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ বা পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

​এদিকে বিএনপির পক্ষ থেকে এ হামলার জন্য আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দায়ী করা হলেও পুলিশি তদন্তে এখন পর্যন্ত কারও সংশ্লিষ্টতার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

​এ বিষয়ে জানতে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।